সহকারী প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় তার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার বাগড়া বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা শাশিয়ালী গ্রামের সিরাজুল হকের ছেলে।
বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, পরীক্ষার ফি বকেয়া থাকায় গত রোববার তিনি ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তারসহ কয়েকজন শিক্ষার্থীকে রোদে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। এ অপমান সহ্য করতে না পেরে পরদিন সোমবার সাথী নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মণ্ডল বলেন, সোমবার রাতে সাথীর বাবা দেলোয়ার হোসেন আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে চাঁদপুর মডেল থানায় চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক ফাতেমা বেগম, জাহাঙ্গীর হোসেন ও মো. জাকির। আলাউদ্দিন বাদে অভিযুক্ত বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, সাথীর লাশের ময়নাতদন্তের পর গতকাল বিকেলে জানাজা শেষে তাকে নিজ গ্রামে দাফন করা হয়।
গতকাল সকালে সাথীর বাড়ি গিয়ে তার মা-বাবার সঙ্গে কথা বলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল ও পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। তাঁরা পরিবারের সদস্যদের সান্ত্বনা ও বিচারের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে সাথীর দাফনের জন্য তার পরিবারকে ১০ হাজার টাকাও দেওয়া হয় এ সময়।
মো. আবদুস সবুর মণ্ডল বলেন, ‘আমি সাথীর পরিবারের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
গত সোমবার সাথীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ জনতা বাগাদী গণি উচ্চবিদ্যালয়ে ভাঙচুর চালায়। এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, ‘আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আমরা স্কুলে পুলিশি পাহারার ব্যবস্থা করেছি।’