ঢাকার সাভারে একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন শিক্ষক ওই কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ১৯ জানুয়ারি লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বলা হয়, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার ইয়াছমিন ঘুষ না দিলে শিক্ষকদের চিকিৎসা ছুটি মঞ্জুর করেন না। বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কর্মসূচির (স্লিপ) বরাদ্দ থেকেও ওই কর্মকর্তাকে ঘুষ দিতে হয়। বিদ্যালয়প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ঘুষ না দিলে তিনি (নিলুফার) স্লিপের বিল অনুমোদন করেন না। প্রশিক্ষণের দিন কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে নানা ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ ছাড়া কথায় কথায় শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেন তিনি।
আশুলিয়ার ধনঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম বলেন, প্রয়োজন অনুযায়ী স্থানীয়ভাবে উন্নয়নের জন্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরে এক থেকে দুবার ৪০ থেকে ৫০ হাজার টাকা স্লিপের বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দ থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করার পরও পাঁচ হাজার টাকা ঘুষ না দেওয়ায় তিনি (নিলুফার ইয়াছমিন) তাঁর বিদ্যালয়ের বিল অনুমোদন করেননি।
সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাভার উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা বলেন, তাঁর বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ারা আক্তার বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে নিলুফার ইয়াছমিন তাঁর সঙ্গে অশোভন আচরণ করে তাঁকে তাড়িয়ে দেন। শুধু ওই দিনই নয়, তিনি কথায় কথায় শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন।
নিলুফার ইয়াছমিন বলেন, ‘উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার দিন একজন শিক্ষক বিধিবহির্ভূতভাবে দায়িত্ব পালন করায় আমি তার প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে কিছু শিক্ষক ওই দিন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ওই শিক্ষকেরাই আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়েছেন।’
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।