সহকারীকে হত্যার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার
রাজধানীর পুরানা পল্টনে আইনজীবীর সহকারী মহিবুল ইসলামকে (৩২) শ্বাসরোধে হত্যার অভিযোগে হাইকোর্টের আইনজীবী রেজাউল করিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিবুল অ্যাডভোকেট রেজাউল করিমের সহকারী হিসেবে কাজ করতেন। পুরানা পল্টনে রেজাউলের চেম্বারে বসতেন তিনি। গত সোমবার রাতে ওই চেম্বারে গ্রিলের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান আশপাশের লোকজন। পরে খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রেজাউল করিমসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে পল্টন থানায় হত্যা মামলা করেন মহিবুলের বাবা মারফত আলী মণ্ডল। লাশ উদ্ধারের সময় গত সোমবার রাতে রেজাউল, তাঁর দুই সহকারী সিরাজুল হক ও মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। মামলার আরেক আসামি সেলিম পলাতক রয়েছেন।
পল্টন থানার পরিদর্শক (অপারেশন) আবু সিদ্দিক বলেন, মহিবুলের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি সেখানকার জজকোর্ট থেকে বিভিন্ন মামলার বিচারপ্রার্থীদের ঢাকায় আনতেন। ঢাকায় এসব মামলায় আইনজীবী হিসেবে রেজাউল লড়তেন। কিছুদিন আগে এক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে সাত লাখ টাকা নেন মহিবুল। তিনি সেই টাকা রেজাউলের মাধ্যমে তাঁর পরিচিত সেলিম নামের একজনকে দিয়েছিলেন। কিন্তু চাকরি কিংবা টাকা ফেরত কিছুই করেননি সেলিম। এ নিয়ে রেজাউলের সঙ্গে বিরোধ চলছিল মহিবুলের। তবে এই বিরোধই মহিবুল মারা যাওয়ার একমাত্র কারণ কি না তা বোঝা যাচ্ছে না।