চাহিদা অনুযায়ী ঘুষ না দেওয়ায় জমির নামজারি ও জমা ভাগের জন্য আবেদন করে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন ঢাকার ধামরাই উপজেলার বাথুলি গ্রামের মোহাম্মদ মোস্তফা। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সহকারী হাফিজুর রহমানকে তাঁর চাহিদার চেয়ে কম ঘুষ দেওয়ায় তিনি এই বিড়ম্বনার মধ্যে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাফিজুর রহমান এই প্রতিবেদকের কাছে মোস্তফার কাছ থেকে ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন।
জমির খারিজের ক্ষেত্রে সরকার-নির্ধারিত ফি ধার্য রয়েছে সর্বোচ্চ ২৫০ টাকা। আর মোস্তফার কাছে থেকে ঘুষ বাবদ আদায় করা হয়েছিল ১২ হাজার টাকা।
মোস্তফা জানান, পাঁচ বছর আগে তিনি ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি মৌজায় ১২ শতাংশ জমি কেনেন। ওই জমির ১০ শতাংশের মালিক ছিলেন একই এলাকার খোরশেদ আলম আর ২ শতাংশের মালিক ছিলেন ফজলুল হক নামের এক ব্যক্তি। জমি কেনার পরপরই ১০ শতাংশ জমি তাঁর (মোস্তফা) নামে নামজারির জন্য ধামরাই উপজেলা সহকারী কমিশনরারের (ভূমি) কার্যালয়ে আবেদন করেন। কিন্তু নানা অজুহাতে তাঁর আবেদন বাতিল করে দেওয়া হয়। পরে তিনি কার্যালয়ের সহকারী হাফিজুর রহমানকে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে নামজারি করিয়ে নেন। দুই মাস আগে বাকি ২ শতাংশ জমির নামজারির জন্য হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখন হাফিজুর রহমান তাঁর কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে মোস্তফা তাঁকে ১২ হাজার টাকা দেন। বাকি টাকা পরে দেওয়ার জন্য সময় চেয়ে নেন। ওই তিন হাজার টাকা না দেওয়ায় মোস্তফাকে নানা অজুহাতে ঘোরানো হচ্ছিল। একপর্যায়ে ঘুষ লেনদেনের বিষয়টি প্রকাশ হওয়ায় হাফিজুর নামজারি করে দিতে অপারগতা প্রকাশ করেন।
গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ১২ হাজার টাকা ঘুষ নেওয়ার কথা স্বীকার করে হাফিজুর রহমান বলেন, ‘কাজ করার জন্যই টাকাটা নিছিলাম। কিন্তু ওই জমি নদী শিকস্তি হওয়ায় এসিল্যান্ড নথিতে স্বাক্ষর করেন নাই। এ কারণে নামজারি করা সম্ভব হয় নাই।’ টাকা দিয়ে কী করলেন—এমন প্রশ্নের জবাবে হাফিজ বলেন, ‘টাকাটা তো আর আমি একলা খাই নাই। তহশিলদারসহ আমাদের অফিসের সকলকে টাকা দিয়া নথিতে স্বাক্ষর নিছি। তাঁরা টাকা ফেরত না দেওয়ায় মোস্তফাকে ঘুরাইতেছিলাম। তবে তাঁরা টাকা দেইক আর না দেইক, আমার পকেট থিকাই মোস্তফারে টাকা দিয়া দিমু। পরে অন্য একটা কাজে টাকা ছাড়া হ্যাগো স্বাক্ষর নিয়া আমার টাকা তুইলা নিমু।’