সহজে জামিন, বাড়ছে নারী মাদক বিক্রেতার সংখ্যা
ময়না বেগমের (ছদ্মনাম) সঙ্গে দেখা হয় গত মার্চের প্রথম সপ্তাহে, কোলে আট মাসের মেয়ে। গত ফেব্রুয়ারি মাসের শেষে মাদকসহ তাঁকে গ্রেপ্তার করেছিল যাত্রাবাড়ী থানার পুলিশ। তিন মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার ঘটনা। জুন মাসে খোঁজ নিয়ে জানা গেল, তিনি আবারও জামিনে মুক্তি পেয়েছেন। ময়নার মতো মাদক মামলায় গ্রেপ্তার দুই থেকে তিনজন নারীকে প্রায় প্রতিদিনই দেখা যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের মহিলা হাজতখানায়।
কর্মকর্তারা বলছেন, যেহেতু নারীরা সহজেই জামিন পেয়ে যান, তাই মাদকের পাইকারি ব্যবসায়ীরা নারীদের দিয়ে ব্যবসা করাতে বেশি আগ্রহী। ধরা পড়লে মাদক ব্যবসায়ী চক্রই আবার অল্প দিনে তাঁদের ছাড়ানোর ব্যবস্থা করে। ছাড়া পেয়ে আবারও একই ব্যবসায় জড়াচ্ছেন ওই নারীরা। তাই বেড়েই চলেছে নারী মাদক ব্যবসায়ীর সংখ্যা।
গত তিন মাসে ঢাকার আদালত এলাকায় মাদক মামলায় গ্রেপ্তার অন্তত ২০ জন নারীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের বেশির ভাগ এর আগেও একই অপরাধে হাজতে এসেছেন। এঁদের মধ্যে আরেকজন নার্গিস আক্তার (ছদ্মনাম) প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী নেই। এক ছেলে, এক মেয়ে। খাবার জোটানো দুষ্কর হয়ে পড়েছিল। তাই বস্তির পরিচিত এক পুরুষ মাদক ব্যবসায়ীর কথায় তিনি এ পথে নামেন।
বিভিন্ন মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৪ সালে তেজগাঁও থানা পুলিশ ৬১ জন নারীকে মাদক মামলায় গ্রেপ্তার করে আদালতে চালান দেয়। আর গত বছর মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৭২ জন নারী। মিরপুর থানায় ২০১৪ সালে ৩৪ জন এবং গত বছর ৪৮ জন নারী মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, ভাষানটেক, কাফরুল, ডেমরা, শাহ আলী ও দারুস সালাম থানা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেও বিষয়টির সত্যতা মিলেছে।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগ সূত্র বলছে, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গত বছর মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৪ জন নারী। আর কারাগার সূত্র বলছে, মাদক মামলার আসামি ২২৩ জন নারী বর্তমানে কারাবন্দী রয়েছেন। এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, যেসব নারী গ্রেপ্তার হয়ে কারাগারে আসছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মাদক মামলার আসামি।
নাম প্রকাশে অনিচ্ছুক আদালত পুলিশের পাঁচজন সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বলেন, অনেক নারী আছেন, যাঁরা বছরে তিন থেকে চারবার গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন। আবার তাঁরা জামিনে ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসায় জড়াচ্ছেন। কারণ, এসব নারী গ্রেপ্তার হওয়ার পরপরই মাদক ব্যবসায়ী চক্রগুলো তাঁদের জামিন করানোর ব্যবস্থা করে। দেখা গেছে, গত বছর তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, মিরপুর, কাফরুল, ভাষানটেক, যাত্রাবাড়ী ও সবুজবাগ থানার মাদক মামলায় ১৫ জন নারীই ঘুরেফিরে বারবার গ্রেপ্তার হয়েছেন। তাঁদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না থাকায় জামিনে ছাড়া পেয়েই আবারও তাঁরা মাদক ব্যবসায় জড়াচ্ছেন। গত ছয় মাসে ঢাকা শহরে মাদক বিক্রির অপরাধে ৫৫ জন নারী শিশুসহ গ্রেপ্তার হয়েছেন।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসায় যেসব নারী গ্রেপ্তার হচ্ছেন, তাঁদের অধিকাংশই গরিব, অনেকেই স্বামী পরিত্যক্ত। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে পুরুষ মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায় নারীদের অংশগ্রহণ উদ্বেগজনক হারে বাড়ছে।
এ ব্যাপারে ঢাকার সিএমএম আদালত হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নারীদের বেশির ভাগই মাদক মামলার আসামি। এঁদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এঁদের অধিকাংশই খুব গরিব। হাজতে অনেকের সঙ্গে তাঁদের শিশুরাও থাকে। এসব সামলাতে বেশ বিড়ম্বনায় পড়তে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান প্রথম আলোকে বলেন, নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। মাদক মামলার দ্রুত বিচারের বিষয়টি নিশ্চিত করা জরুরি। আর মাদক ব্যবসায় নারীদের অংশগ্রহণ ঠেকাতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।