নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শ্যামল চন্দ্র নামের এক ছাত্র খুন হয়েছেন।
গত শুক্রবার রাত আটটার দিকে আরজি নওগাঁ ফিশারি গেটের সামনে ছুরিকাহত হন শ্যামল চন্দ্র (১৯)। গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র শ্যামল খুন হয়েছেন বলে অভিযোগ তাঁর পরিবারের। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার বিকেলে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন। তাঁরা হত্যার বিচারের দাবিতে নওগাঁ-দুবলহাটি সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন।
এ ঘটনায় শ্যামলের বাবা গোপাল চন্দ্র বর্মণ বাদী হয়ে গত শনিবার নওগাঁ সদর থানায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই রাতেই মামলার আসামি একই ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের ছাত্র আতোয়ার হোসেন (২০), মোহাম্মদ রনি (২০) ও চতুর্থ সেমিস্টারের ছাত্র ফয়সাল হোসেনকে (১৮) গ্রেপ্তার করে।
শ্যামলের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন ধরে ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন একই বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী আতোয়ার হোসেন।
এ ঘটনার প্রতিবাদ করায় তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন আতোয়ার। ওই ছাত্রী বলেন, ‘গত বুধবার বিভাগের শ্রেণিকক্ষে আমি, শ্যামলসহ বেশ কয়েকজন সহপাঠী গল্প করছিলাম। এ সময় আতোয়ার, রনিসহ ছয়-সাতজন ছেলে আমাকে রুম থেকে হাত ধরে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় শ্যামল ও অন্য সহপাঠীরা প্রতিবাদ জানায়। প্রতিবাদ করায় শ্যামলকে চরম মূল্য দিতে হবে বলে আতোয়ার তখন হুমকি দিয়ে যায়।’
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাত আটটার দিকে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে আরজি নওগাঁ ফিশারি গেটের সামনে শ্যামলকে একা পেয়ে আতোয়ারের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী যুবক শ্যামলের পেট ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর জখম হন শ্যামল। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। পরে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শ্যামলের দুজন সহপাঠী বলেন, আতোয়ার ও তাঁর সাঙ্গপাঙ্গরা বুধবারের ওই ঘটনার পর থেকেই শ্যামলকে মারার জন্য খুঁজছিল।
গতকাল রোববার দুপুরে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে শ্যামলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল বিকেলে গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের বাঁশখোলা গ্রামে তাঁর সৎকার করা হয় বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, মামলার এজাহার ও তাঁর বন্ধুদের দেওয়া তথ্যের সূত্র ধরে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।