নেতাকে নিয়ে কটূক্তি করায় কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের এক কর্মী তাঁর সহপাঠীকে মারধর করেছেন। কলেজের টিনের ছাউনির একাডেমিক ভবনের সামনে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। বহিরাগত একটি গোষ্ঠী দীর্ঘদিন থেকে কলেজে ছাত্রলীগের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আবদুল হাদি তাঁদের অন্যতম।
কলেজের চারজন শিক্ষার্থী ও একাধিক শিক্ষক বলেন, গতকাল বেলা ১১টায় দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষের সামনে গল্প করছিলেন। ওই সময় আবদুল্লাহ আল মামুন আবদুল হাদি সম্পর্কে কটূক্তি করেন। তখন আবদুল হাদির অনুসারী ফয়সাল আহমেদ এর প্রতিবাদ করেন। একপর্যায়ে ইট দিয়ে তিনি মামুনের গা, মাথা ও হাতে আঘাত করেন। একপর্যায়ে তাঁকে পিটিয়ে মাটিতে ফেলে দেন। কলেজের শিক্ষকেরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে আবদুল হাদি কলেজে যান। এরপর অধ্যক্ষের কক্ষে এ নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকে হাদি ওই শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করবেন বলে নিশ্চিত করেন।
আবদুল হাদি মুঠোফোনে বলেন, বিষয়টি অধ্যক্ষের উপস্থিতিতে মিটমাট করে দেওয়া হয়েছে।