>২৯ মার্চ হোস্টেল থেকে রাউধার মরদেহ উদ্ধার
৩০মার্চ মালদ্বীপ থেকে রাজশাহীতে আসেন পরিবারের সদস্যরা
৩১মার্চ মরদেহের ময়নাতদন্ত
১এপ্রিল রাজশাহীতে দাফন
১০এপ্রিল রাউধার বাবার হত্যা মামলা
রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেল রাউধা আথিফের লাশ উদ্ধারের ১২ দিন পর তাঁর সহপাঠীর বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগে মামলা করেছেন রাউধার বাবা। ওই সহপাঠীর নাম সিরাত পারভীন মাহমুদ। তিনি ভারতের কাশ্মীরের বাসিন্দা। মৃত্যুর কয়েক দিন আগে রাউধা তাঁর পরিবারকে বলেছিলেন, সিরাত তাঁকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন।
গতকাল সোমবার রাউধার বাবা মোহাম্মদ আথিফ রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে অভিযোগ দাখিল করেন। পরে আদালত তা এজাহার হিসেবে গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী কামরুল মনির বলেন, গতকাল সকাল ১০টায় রাউধার বাবার আর্জি আদালতে উপস্থাপন করা হয়। বিচারক সাইফুল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে তা এজাহার হিসেবে গণ্য করার জন্য রাজশাহী নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে গত ২৯ মার্চ দ্বিতীয় বর্ষের ছাত্রী রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহ মখদুম থানায় করা অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশেদুল হক গতকাল দুপুরে বলেন, ‘মামলার খবর শুনেছি, তবে এখনো কোনো কাগজপত্র পাইনি। কাগজ পেলে আইন অনুযায়ী তদন্ত হবে।’
ওদিকে মডেল রাউধার মৃত্যুর ঘটনায় মালদ্বীপ থেকে আসা দুজন পুলিশ কর্মকর্তা তাঁদের নিজস্ব তদন্ত শেষে গত শুক্রবার দেশে ফিরে গেছেন। তবে তাঁরা তদন্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। রাশেদুল বলেন, রাউধার মুঠোফোন ও ল্যাপটপ সিআইডির ফরেনসিক ল্যাবে আজকালের মধ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে।
২৯ মার্চ রাউধার লাশ উদ্ধারের পরদিন রাজশাহীতে আসেন তাঁর মা-বাবাসহ পরিবারের ১২ সদস্য। ৩১ মার্চ তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে মরদেহের ময়নাতদন্ত হয়। ১ এপ্রিল রাজশাহীর হেতেম খাঁ কবরস্থানে রাউধাকে দাফন করা হয়। রাউধা আত্মহত্যা করেছেন উল্লেখ করে মেডিকেল বোর্ড ময়নাতদন্তের প্রতিবেদন জমা দিয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাউধার মৃত্যুর পর পরিবারের সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে লাশ দেখেন। তাঁর গলায় আঙুলের ছাপ দেখেন তাঁরা। এরপর তাঁরা রাউধার হোস্টেলে গেলে কর্তৃপক্ষ জানায়, ফাঁস দিয়ে রাউধা আত্মহত্যা করেছেন। তাঁর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ এবং স্কার্ফে বাঁধা মরদেহ সিলিং ফ্যানে ঝুলে ছিল। কিন্তু কেউ বলতে পারছেন না, কে তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়েছিলেন। কেউ তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেননি।
এজাহারে বলা হয়, রাউধার পরিবার বুঝতে পারছে না, কীভাবে ভেতর থেকে বন্ধ করা দরজা খুলে গেল। দরজা ভাঙার কোনো চিহ্ন ছিল না। তাঁরা আরও দেখেন, কক্ষে একটিমাত্র চেয়ার ছিল, কিন্তু ফ্যানের কাছে কোনো টেবিল ছিল না। এতে রাউধার পক্ষে সিলিং ফ্যান পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, রাউধার সহপাঠী সিরাত পারভীন রাউধার পরিবারকে বলেছেন, তিনি ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নিচে নামিয়েছেন। তবে কীভাবে দরজা খুললেন সেই প্রশ্নের জবাবে নিরুত্তর ছিলেন। রাউধার মৃত্যুর এক সপ্তাহ আগে রাউধা মাকে বলেছিলেন, সিরাত পারভীন তাঁর খাওয়ার জুসে একটি ‘ঘুমের বড়ি’ মিশিয়েছিলেন। সিরাত গোপনে রাউধার ইনস্টাগ্রাম আইডি ও আইফোনের পাসওয়ার্ড সংগ্রহ করেন। রাউধার মৃত্যুর পর সিরাত নিজের নাম রাউধার বন্ধু ও অনুসরণকারীর তালিকা থেকে মুছে দেন।
রাউধার কলেজের সেক্রেটারি আবদুল আজিজ রিয়াদ বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র পাইনি। কাগজপত্র এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ মামলায় অভিযুক্ত শিক্ষার্থী সিরাতের সঙ্গে কথা বলতে চাইলে আবদুল আজিজ বলেন, ‘তাঁর পরীক্ষা আছে। এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। এ মুহূর্তে মিডিয়ার সঙ্গে কথা বলতে আগ্রহী নয় সে। আগামীকাল (আজ মঙ্গলবার) পরীক্ষার পর হয়তো কথা বলতে পারে।’
এদিকে রাউধার চিকিৎসক বাবা আদালতে মামলা দায়েরের পর ‘একজন বাবার আবেদন’ শিরোনামে একটি কাগজ নিয়ে আদালত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। লাল কালিতে এতে লেখা ছিল, ‘আমি আমার মেয়ে রাউধা আথিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের আবেদন জানাচ্ছি।’ পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মেয়ের গলায় স্পষ্ট আঙুলের ছাপ দেখেছি। ময়নাতদন্তকারীদের বললে তাঁরা বলছেন, ওটা জন্মগত দাগ। আমার মেয়ের গলায় জন্মগত দাগ আছে কি না, সেটা বাবা হয়ে আমি জানব না? এটা স্পষ্ট যে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি চাই তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হোক।’
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে ময়নাতদন্তে গঠিত মেডিকেল বোর্ডের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কিছু জন্মদাগ আছে, যা মৃত্যুর পরে স্পষ্ট হয়ে ওঠে। ওটাও তেমন হতে পারে। যেখানে আঙুলের ছাপের কথা বলা হচ্ছে, সেখানকার চামড়া তুলে আমরা দেখেছি, সেখানে কোনো দাগ নেই। ওটা আঙুলের ছাপ হলে ভেতরেও দাগ থাকত। আর জন্মদাগ গলার একপাশে ছিল। শ্বাসরোধে হত্যা করা হলে গলার দুপাশেই আঙুলের দাগ থাকত।’