সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোর নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে সহপাঠীর হাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।
ব্যাটের আঘাতে নিহত কিশোরের নাম হাসিবুল ইসলাম (১৫)। সে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের এজাজুল হকের ছেলে। লেখাপড়া করত গোলাবাড়ি দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে গ্রামের মাঠে ক্রিকেট খেলছিল হাসিবুল ও তার সহপাঠী রাজনসহ কয়েকজন। খেলা নিয়ে রাজনের সঙ্গে হাসিবুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজন ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে হাসিবুলের মাথায় আঘাত করে। মারাত্মক আঘাত পেয়ে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে অভিযুক্ত কিশোর রাজন পুলিশের হেফাজতে রয়েছে। সে গোলাবাড়ি গ্রামের রানা হোসেনের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসিবুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে লাশ গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।