নিজ ক্যাম্পাসে খুন হয়েছেন নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার এক ছাত্র। তাঁর নাম মীর্জা আজিজুল আমান ওরফে ইফতি। পূর্ববিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে সহপাঠী মহিবুল ইসলাম ওরফে আকাশ তাঁকে চাকু দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে ইফতির শ্বাসনালি কেটে যায়। তাঁর বাড়ি শহরের সাতপাই চক্ষু হাসপাতাল এলাকায়।
পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ছিল একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজের দ্বিতীয় দিন। দুপুর ১২টার দিকে কলেজের মাঠ থেকে আকাশের (১৮) নেতৃত্বে একদল ছাত্র ইফতিকে (১৮) ধাওয়া দেয়। ইফতি দৌড়ে ক্যাম্পাসের ভেতরে সাইকেল স্ট্যান্ডের ছাউনির কাছে এসে পড়ে যান। এ সময় তাঁর গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য ইফতির মরদেহ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মর্গের সামনে তাঁর আত্মীয়স্বজন ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
ইফতির মামাতো ভাই ফরিদ আহমদ প্রথম আলোকে বলেন, আকাশের বাড়ি শহরের ইসলামপুর এলাকায়। শহরের নাম করা একটি উচ্চবিদ্যালয়ে পড়ার সময় থেকেই ইফতির সঙ্গে তাঁর ঝগড়া ছিল। এর জেরেই গতকাল ইফতিকে হত্যা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সহপাঠীও একই কথা বলেন।
নিজ ক্যাম্পাসে ইফতির খুন হওয়ার এই বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ এ এন এম মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ছেলেটি (ইফতি) আমার কলেজের ছাত্র হলেও তার পরনে কলেজের পোশাক ছিল না। তার প্রতিপক্ষরা তাড়া করলে সে সাইকেল স্ট্যান্ড ছাউনির কাছে পড়ে যায়। পরে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমি পুলিশকে অবহিত করি।’
এ বিষয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের বলেন, কলেজছাত্র ইফতির গলায় একটি মাত্র আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো চাকু দিয়ে তাঁকে আঘাত করা হয়। ইফতি ও আকাশ দুজনই একাদশ শ্রেণির ছাত্র। দুজনেই ছাত্রলীগের সমর্থক। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।