সহপাঠীর ছুরিকাঘাতে চার ছাত্র আহত
নাটোরের গুরুদাসপুরে সহপাঠীর ছুরিকাঘাতে চার স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। উপজেলার দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাহতরা হলো নবম শ্রেণির সাধারণ শাখার সিয়াম বিল্লাহ এবং ভোকেশনাল শাখার ছাত্র নাঈমুল ইসলাম, তারেক রহমান ও জসিম উদ্দিন। স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন, ফুটবল খেলা নিয়ে মনোমালিন্যের জেরে ওই ঘটনা ঘটে।
আহতদের প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল হক জানান, দুপুর ১২টার দিকে আহতদের জরুরি বিভাগে ভর্তি করা হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে জসিম ও তারেকের পেট এবং অপর দুজনের হাত ও বুক গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হওয়ায় সাড়ে ১২টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ওমর আলী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানাহাজতে আটক এক কিশোর জানায়, সে বিজ্ঞান বিভাগে পড়ালেখার কারণে খেলাধুলার সময় পায় না। এ নিয়ে বন্ধুরা তাকে কটাক্ষ করত। মঙ্গলবার (গতকাল) তার এক বন্ধুর বাড়িতে আমড়া খেতে যাওয়ার জন্য বাড়ি থেকে ছুরি এনেছিল। ঘটনার আকস্মিকতায় সহপাঠীদের ছুরিকাঘাত করতে হয়েছে। তবে সে ওই ঘটনার জন্য অনুতপ্ত।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী জানান, ওই ঘটনার পর ছাত্রছাত্রী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে থানায় খবর দেওয়া হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশ এসে অভিযুক্ত ছাত্রকে থানায় নিয়ে যান।