সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে সহপাঠীর ছুরিকাঘাতে বরকতউল্লাহ প্রিন্স নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি।
নিহত বরকতউল্লাহ উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র এবং জোতকুরা গ্রামের হানিফ মোল্যার ছেলে।
রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক সজল কান্তি বিশ্বাস জানান, ‘সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন শিক্ষার্থী বরকতউল্লাহকে আহত অবস্থায় ধরে স্কুলের লাইব্রেরিতে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’
রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হাদী আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বরকতউল্লাহ সকালে স্কুলে আসে। পরে তার এক সহপাঠী স্কুলের অদূরে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।