সহপাঠীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে তার সহপাঠীর (১৭) বিরুদ্ধে। নেত্রকোনা সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। পুলিশ আজ শুক্রবার সকালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটি ও অভিযুক্ত কিশোর সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী। তারা একই গ্রামের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। মেয়েটির অভিযোগ, ছেলেটি বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বশেষ তাকে গত সোমবার রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি ঘরে ধর্ষণ করে। পরদিন সকালে মেয়েটি বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান নেয়। এ সময় বিয়ে না করলে আত্মহত্যার করবে বলে হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন তাকে বুঝিয়ে সরিয়ে নেয়। এদিকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নেত্রকোনা মডেল থানায় মামলা করা হয়েছে। বাদীর অভিযোগ, মামলা হওয়ার পর থেকে আসামিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারকে নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলেটি পলাতক রয়েছে। তার বাবার মুঠোফোনও বন্ধ থাকায় এ নিয়ে কথা বলা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাদের এক আত্মীয় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। উভয় পরিবার দূর সম্পর্কের আত্মীয় হয়। তাদের এখনো বিয়ের বয়স হয়নি। ছেলেটির পরিবার কিছুটা সম্পদশালী হওয়ায় তাদের ফাঁসানো হচ্ছে।’

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ নুর এ আলম বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।