সহযোগিতা পায়নি নিহত পাঁচজনের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও থেকে থেকে হরতালে বগুড়ায় পেট্রলবোমা হামলায় যে পাঁচজন নিহত হয়েছেন, সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তাঁদের পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এসব পরিবারে দেখা দিয়েছে চরম অর্থকষ্ট।
অন্যদিকে পেট্রলবোমায় পুড়ে যাওয়া যানবাহনের মালিকেরাও এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি বলে দাবি করেছেন।
জেলায় গত দুই মাসে অবরোধে অন্তত ৭০টি যানবাহনে পেট্রলবোমা হামলা হয়েছে। এতে পাঁচজন শ্রমজীবী মানুষের প্রাণহানি ঘটে। তাঁদের মধ্যে তিনজন ট্রাকচালকের সহকারী, একজন ট্রাকচালক ও একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এ ছাড়া অবরোধ-সমর্থকদের হামলায় একজন ট্রাকচালক নিহত হন।
স্বামী হাসিবুর রহমান ওরফে হাসিবকে হারিয়ে গৃহবধূ ইয়াসমিন বিজলী এখন দিশেহারা। তাঁর কোলে চার মাসের শিশু। ইয়াসমিন গত বহস্পতিবার প্রথম আলোকে বলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাঁচগাছি থেকে এসে বগুড়া শহরের চারমাথা এলাকায় থাকতেন হাসিব। স্বামীর উপার্জনেই চলত সংসার। গত ৭ ফেব্রুয়ারি রাতে ট্রাকে সবজি নিয়ে নাটোর থেকে বগুড়ায় যাওয়ার পথে রূপিহার নামক স্থানে পেট্রলবোমায় দগ্ধ হন হাসিব। পরে ওই দিনই তাঁর মৃত্যু হয়। ইয়াসমিন বলেন, ‘বগুড়ার বেজোড়া-শ্যাওলাগাতি গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। বাবা ইয়াসিন আলী বই বাঁধাইয়ের কাজ করেন। তাঁর নিজের সংসারই চলে না। অনেক কষ্টে দিন কাটছে, সরকারি এক টাকা সাহায্যও পাইনি। এক মাস আগে পত্রিকায় কোলের বাচ্চার ছবি ছাপার পর ঢাকার দুজন ব্যক্তি পাঁচ হাজার টাকা করে সহযোগিতা দিয়েছিলেন।’
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের ট্রাকচালক আইয়ুব হোসেনের ছেলে ইমরান পড়াশোনা করতেন স্থানীয় একটি কলেজে, স্নাতক শ্রেণিতে। পাশাপাশি ট্রাকচালকের সহকারীর কাজ করতেন। গত ৫ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহ থেকে পানবাহী ট্রাক নিয়ে দিনাজপুর যাওয়ার পথে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার বেলাইল এলাকায় পেট্রলবোমা হামলার শিকার হন ইমরান। পরে তাঁর মৃত্যু হয়। ইমরানের ভাই রকি হাসান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ইমরান মারা যাওয়ার পর এক টাকাও সাহায্য মেলেনি। কেউ খোঁজ করেনি। বসতভিটা ছাড়া বাবার কোনো সহায়-সম্বলও নেই। প্রায় প্রতিদিন উপোষ থাকতে হয়।’
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বন্তেঘড়ি গ্রামের পান ব্যবসায়ী শহীদুল ইসলামের উপার্জনে তাঁর স্ত্রী-সন্তান, বৃদ্ধ-বাবা মায়ের ভরণপোষাণ চলত। তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন তিন মাসের অন্তঃসত্ত্বা। গত ৫ ফেব্রুয়ারি ইমরানের ওই ট্রাকে পেট্রলবোমা হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন শহীদুল। তাঁর ছোট ভাই ফারুক হোসেন বলেন, ‘ভাবির ছয় বছরের ছেলে আছে। পেটে তিন মাসের আরেক সন্তান। সংসারে উপার্জন বন্ধ। সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও কানাকড়িও মেলেনি।’
ট্রাকচালকের আরেক সহকারী সাতক্ষীরার শ্রীরামপুর গ্রামের আবদুর রহিমের পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। গত ২২ জানুয়ারি বগুড়া থেকে আসবাববাহী ট্রাক নিয়ে যশোরে যাওয়ার পথে বগুড়ার নুনগোলায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। এদিকে ২৩ জানুয়ারি বগুড়ার তিনমাথা এলাকায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন ট্রাকচালকের সহকারী বগুড়ার নিশ্চিন্তপুর গ্রামের জাহাঙ্গীর আলম। এক মাসের বেশি সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৮ ফেব্রুয়ারি মারা যান তিনি। দুই ছেলেমেয়ে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী বিউটি বেগম।
গত ১০ জানুয়ারি রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার চণ্ডীহারা এলাকায় পণ্যবাহী ট্রাকে অবরোধ-সমর্থকদের ইটপাটকেলের আঘাতে আহত হন চালক নাটোরের গুরুদাসপুরের ইমাদুর রহমান। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অবশ্য ঘটনার পর থেকেই পুলিশ হামলার কথা উড়িয়ে দিয়ে বলছে, এটি নিছক দুর্ঘটনা।
অন্যদিকে ট্রাকমালিক রতন মিয়া বলেন, ‘প্রায় সাড়ে তিন শ বস্তা চিনিসহ নতুন ট্রাকটি বগুড়ার বারপুর এলাকায় গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত এক টাকাও ক্ষতিপূরণ পাইনি।’