
চকচকে মোড়ক আর চোখধাঁধানো নকশার নানা ব্র্যান্ডের ফোনসেট। রাজধানীর মোতালেব প্লাজা ও ইস্টার্ন প্লাজার অনেক দোকানেই এ ধরনের সেট চোখে পড়ে। কিন্তু এর কোনোটিই আসল নয়, সবই নকল ফোন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার দিনভর এ দুটি মার্কেটে অভিযান চালিয়ে এ ধরনের ১ হাজার ৭৭টি ফোনসেট ও ১২ হাজার মেমরি কার্ড জব্দ করেছেন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, দুটি মার্কেটের ২২টি দোকানে এ অভিযান হয়েছে। জব্দ করা সেটের মূল্য প্রায় দেড় কোটি টাকা। অভিযানের সময় কয়েকটি দোকান থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। তিনি জানান, মাস পাঁচেক আগে মোতালেব প্লাজায় নকল মোবাইল সেট জব্দ করার অভিযান চালানো হয়। কিন্তু তারপরও নকল সেট বিক্রির প্রবণতা কমেনি, বরং বেড়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, জব্দ করা ফোনসেটগুলো বৈধভাবে আমদানি করা হয়নি। এতে ফোনসেট শনাক্ত করার যে নম্বর আছে, সেটাও ভুয়া। স্থানীয় বিক্রেতারা চীনের ছোট ছোট উৎপাদনকারীর কাছ থেকে এসব ফোন কিনে বাজারজাত করেন। এসব ফোন তৈরিও করা হয় তাঁদের চাহিদামতো। আবার সেটগুলো বিটিআরসির অনুমোদন ছাড়াই আমদানি করা হয়।
গতকাল প্রথমে অভিযান পরিচালিত হয় মোতালেব প্লাজার পঞ্চম তলার সারা এন্টারপ্রাইজ নামের একটি দোকানে। দোকানের ভেতরে সাজানো সেটগুলো পরীক্ষার জন্য হাতে নিতে চাইলে দোকানের মালিক শফিকুল ইসলাম দাবি করেন, সেটগুলো আসল। কিন্তু পরীক্ষা করে দেখা যায় সবই নকল। ওই দোকান থেকে ১০০টি নকল সেট জব্দের পর তিনি বলেন, মানুষ নকল সেট চায়, সে কারণে তাঁরাও বিক্রি করেন। এরপর বিসমিল্লাহ মোবাইল নামের একটি দোকান থেকে জব্দ করা হয় ২৬টি সেট। ফাইসা নামে আরেকটি দোকানে পাওয়া যায় ৩০০টি নকল মোবাইল সেট।
এদিকে অভিযান চলার সময় তৎপর হয়ে ওঠেন মোতালেব প্লাজার দোকান-মালিক সমিতির কর্মকর্তারা। তাঁরা র্যাব কর্মকর্তাদের কাছে দাবি করেন, ‘সেট জব্দ করা হলে তা হবে গরিবের পেটে লাথি মারা।’
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, বিমানবন্দর থেকে এসব সেট বাজারে আসে। তবে এর আগে নকল সেট বিক্রি বন্ধ করতে দোকান মালিকদের চিঠি দেওয়া
হয়েছিল। তিন ঘণ্টার অভিযানে মোতালেব প্লাজার ১৩টি দোকান থেকে ৭৯৭টি মোবাইল সেট জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয় ৫ লাখ ৬০ হাজার টাকা।
এরপর অভিযান হয় ইস্টার্ন প্লাজায়। আড়াই ঘণ্টার অভিযানে বৃহৎ এই মার্কেটের নয়টি দোকান থেকে ২৮০টি সেট জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয় ৪ লাখ ১৫ হাজার টাকা।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, জব্দ করা সেটগুলো রাজধানীর মাতুয়াইলে ডাম্পিং সেন্টারে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।
এর আগে গত ২৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টার থেকে দুই কোটি টাকা মূল্যের এক হাজার নকল মোবাইল সেট জব্দ করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।