রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত ধর্ষকের স্ত্রী মরিয়ম বেগমকে (৩২) পুলিশ গত রোববার রাতে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত খোরশেদ মোল্লা (৪০) পলাতক রয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, রোববার রাতে ওই তরুণী খোরশেদ মোল্লা ও তাঁর স্ত্রীকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। রাতেই সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলামের নেতৃত্বে অভিযুক্ত মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গতকালই ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার প্রথম আলোয় ‘ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
গ্রেপ্তার হওয়ার আগে মরিয়ম বেগম বলেন, তাঁর স্বামী আরেকটি বিয়ে করেছেন বলে শুনেছেন। এ নিয়ে কথা ওঠার পর থেকে তিনি পলাতক।