বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে সহিংসতায় মারা গেছেন আরও একজন। রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে কথিত সংঘর্ষের পর একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শ্রমিকনেতা নাজমুল হুদা ওরফে লাবলুর (২৮) লাশ।
এ ছাড়া কিশোরগঞ্জে প্রাণিসম্পদ কার্যালয়ে অগ্নিকাণ্ডে বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। চাঁদপুরে একটি পিকআপ ভ্যান, কুমিল্লায় দুটি অটোরিকশায় অগ্নিসংযোগ এবং আরও আটটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার রাত সাড়ে নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতার আশঙ্কা, মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় ৬৬ জনকে। গাড়িতে আগুন দেওয়া হয় তিনটিতে এবং ভাঙচুর করা হয় আটটি।
গতকাল ছিল লাগাতার অবরোধের ৬৩তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৯ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭০৮টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৩৯টি।
ছাত্রশিবির নেতার মৃত্যু: রংপুরের মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হুদা ওরফে লাবলুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গত ১৩ জানুয়ারি এ উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন তিনি।
গতকাল ভোরে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকার একটি পুকুর থেকে নাজমুলের লাশ উদ্ধার করে পুলিশ। নাজমুলের বাড়ি উপজেলার লতিবপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তিনি ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এ উপজেলায় জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনাসহ ১০টি মামলার অভিযুক্ত আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নাজমুল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন। জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম দাবি করেন, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বলদিপুকুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন তাঁরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়লে তাঁরা পালিয়ে যান। পালাতে গিয়ে নাজমুল সেখানকার একটি পুকুরে পড়ে যান।
এসআই আরও দাবি করেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি পেট্রলবোমা, চারটি ককটেল, চারটি ছোরা ও একটি করাত উদ্ধার করে। পরে গতকাল ভোরে পুলিশ পুকুর থেকে নাজমুলের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত নাজমুলের বাবা নূরুন্নবী শাহ তাঁর ছেলে হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে দায়ী করেননি। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ঘটনার জন্য সরকারকে দায়ী করা হয়েছে। গতকাল সংগঠনটি থেকে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলেন, ‘৮ মার্চ সন্ধ্যায় শ্রমিকনেতা নাজমুল হক লাভলুকে তাঁর বোনের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়ে যায়। ভোররাতে তাঁকে গুলি করে হত্যা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠিয়ে দেয়।’
ঢাকার বাইরের চিত্র: কিশোরগঞ্জে প্রাণিসম্পদ কার্যালয়ে গত রোববার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম জালাল উদ্দিন জানান, রাত দেড়টার দিকে কার্যালয়টিতে আগুনের শিখা বের হয়ে আসতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আসবাবসহ প্রয়োজনীয় কিছু নথি পুড়ে যায়। এটি নাশকতার ঘটনা কি না, তা নিশ্চিত নয়।
তবে কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কুমিল্লা নগরের লাকসাম সড়কের রামঘাট এলাকায় গতকাল সন্ধ্যা সোয়া সাতটায় দুটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করেছে আরও আটটি। পরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে তারা। কোতোয়ালি
মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায় রোববার দিবাগত রাত দুইটায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। চালক আবদুস ছোবহান জানান, লক্ষ্মীপুর যাওয়ার জন্য গাড়িটি ঘরের সামনে রাস্তায় রেখে কিছুক্ষণের জন্য ভেতরে গেলে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}