সহিংসতার প্রতিবাদে দাঁড়ানোর কর্মসূচি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান নাশকতা ও সহিংসতার প্রতিবাদে আজ বহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত শ্রমিক-কর্মচারী-ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। এরপর তারা বেলা একটায় রেল, সড়ক, নৌপথে চলাচলকারী সব ধরনের যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে সহিংসতার প্রতিবাদ জানানো হবে।
গতকাল বুধবার সকালে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী শাজাহান খান। খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘হরতাল-অবরোধে নিরীহ মানুষ হত্যার পাশাপাশি এসএসসি ও শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের জন্য পরীক্ষা চলাকালে তিনি হরতাল-অবরোধ করছেন। অথচ নিজের দুই নাতনিকে পরীক্ষা দেওয়ার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন।’
শাজাহান খান বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকলেও পাকিস্তানসহ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কায়দায় বিএনপি-জামায়াত জোট চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান নৌমন্ত্রী।
শাজাহান খান আরও বলেন, ৭ ফেব্রুয়ারি বেলা তিনটায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবন অডিটোরিয়ামে সমন্বয় পরিষদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। সেখান থেকে গণ-আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।