ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ফরিদপুর, গাজীপুর ও কিশোরগঞ্জের ভৈরবে তিনজন নিহত হয়েছেন। এ তিন জেলাসহ ১১ জেলায় সংঘর্ষ-সহিংসতায় আহত হয়েছেন অন্তত ১৮৯ জন। বাড়িঘর, নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশ ১৮ জনকে আটক করেছে।
গত শনিবার তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলাকালে তুলনামূলক কম সহিংসতা হলেও পরে বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। কোথাও কোথাও পরবর্তী ধাপের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ নিয়ে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এ পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
তিন ব্যক্তি নিহত: ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউপির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান খানের ভাই আতিয়ার রহমান খান (৫০) শনিবার রাতে বাগাট বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেছে, সন্ধ্যায় রায়জাদাপুর গ্রামে ভোট চাওয়াকে কেন্দ্র করে মতিয়ার ও আরেক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি হয়। রাত সাড়ে নয়টার দিকে বাগাট বাজার এলাকায় মতিয়ারের সমর্থক মিথুন নাথকে কোপায় সন্ত্রাসীরা। মিথুনকে বাঁচাতে গেলে আতিয়ারসহ ছয়জনকে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এলাকাবাসী তাঁদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক আতিয়ারকে মৃত ঘোষণা করেন।
>চেয়ারম্যান পদে ৬১৪ ইউপির মধ্যে ৫৪২টির ফল
আ.লীগ ৩৫৩, বিএনপি ৫৭
এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম ফকিরসহ ১০ জনকে শনিবার গভীর রাতে পুলিশ আটক করে। রাত ১২টার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির সমর্থক সাইদ শেখের দোকান ও বিএনপির একটি কার্যালয় পুড়িয়ে দেন। এতে চারটি মোটরসাইকেল পুড়ে যায়।
নির্বাচনের ফল ঘোষণার পর শনিবার রাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউপির দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় কিল-ঘুষিতে আবুল খসরু (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি পরাজিত সদস্য প্রার্থী শামসুল হকের চাচাতো ভাই ও বারতোপা বৈশাখী নাট্যগোষ্ঠীর সহসভাপতি। সদস্য পদে জয়ী হন সুরুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪ নম্বর ওয়ার্ডের বারতোপা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে শামসুল হকের সমর্থকেরা সেখানে হামলা-ভাঙচুর করেন। এ সময় পুলিশ অন্তত সাতটি ফাঁকা গুলি ছোড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্র ছেড়ে যাওয়ার পর সুরুজ্জামানের নেতৃত্বে মিছিল বের হয়। সাড়ে আটটার দিকে মিছিলকারীরা আবুল খসরুসহ পরাজিত প্রার্থীর তিন সমর্থকের ওপর হামলা চালান। হামলাকারীদের কিল-ঘুষিতে গুরুতর আহত খসরুকে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সুরুজ্জামান দাবি করেন, হামলায় আহত হওয়ার অভিযোগ মিথ্যা। তিনি শুনেছেন খসরু অসুস্থ হয়ে মারা গেছেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তাঁর পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজনের কিল-ঘুষিতে আহত হয়ে তিনি মারা গেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হচ্ছে।
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউপির দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ভবানীপুর গ্রামে সংঘর্ষে আহত সিদ্দিক মিয়া (৬০) শনিবার রাতে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পোস্টার সাঁটানো নিয়ে বৃহস্পতিবার প্রার্থী আবুল বাসার ও প্রার্থী সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে সিদ্দিক গুরুতর আহত হয়েছিলেন। শুক্র ও শনিবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন ২০ জন।
সহিংসতার আরও ঘটনা: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী সুরত আলীর সমর্থকদের মিছিল থেকে পরাজিত প্রার্থী জুয়েল মিয়া চৌধুরীকে কটূক্তি করা নিয়ে গতকাল সকালে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন। গুরুতর আহত ও টেঁটাবিদ্ধ ১৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল ও হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইল সদর ও খারুয়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। আরও কয়েকটি ইউনিয়নে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে নান্দাইল সদরে ভাঙচুর করা হয় ব্র্যাকের উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের একটি বিদ্যালয়।
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়নে শনিবার রাতে স্কুলশিক্ষক আবদুল খালেককে সদস্য প্রার্থী আক্তার হোসেনের সমর্থকেরা কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়নে ভোটের দিন সংঘর্ষের জের ধরে রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল হোসেনের বাড়িতে হামলা-লুটপাট হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের নয়টি গ্রামে শনিবার রাতে ও গতকাল সকালে আওয়ামী লীগের সমর্থকদের শতাধিক বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বিজয়ী চেয়ারম্যান (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) জাহিদুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আমিনুদ্দিন ফকির।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নে এক প্রার্থীর এজেন্ট হওয়ায় গতকাল এক নারীকে (৪০) অপর প্রার্থীর সমর্থকেরা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরাইলের পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। নাসিরনগরে সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। এখান থেকে আটক করা হয়েছে চারজনকে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্কা, সান্দিকোনা ও দলপা ইউনিয়নে বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, সান্দিকোনার বিজয়ী সদস্য শাহিন মিয়াসহ চারজনকে আটক করা হয়েছে।
বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবিতে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হামলা চালান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে ৩০ জন আহত হন।
নীলফামারী সদরের রামগঞ্জ ইউনিয়নে সহিংসতায় ১১ জন আহত এবং বাড়িঘরে হামলা-ভাঙচুর হয়েছে।