গাইবান্ধায় সাঁওতাল-অধ্যুষিত দুটি গ্রামে সহিংস হামলায় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন সাঁওতাল নেতারা। গতকাল রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গির্জার সামনে এক সমাবেশে তাঁরা এই অভিযোগ করেন। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদ, জাতীয় আদিবাসী ফোরাম ও বিশিষ্ট নাগরিকদের দুটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে জমিতে আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে চিনিকলের শ্রমিক ও পুলিশের মধ্যে গত রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দিন একজন মারা যান। পরে একজনের লাশ উদ্ধার করা হয় ধানখেত থেকে এবং একজন বাড়িতে মারা যান।
সাঁওতালদের অভিযোগ, শেষের দুজন ওই হামলায় আহত হয়ে মারা গেছেন।
গতকাল সমাবেশে সাঁওতালদের পক্ষে বক্তব্য দেন রুমিলা হেমব্রম, মিনা মাড্ডি, মেথিয়াস মাড্ডি, বার্নাদাস টুডু, শ্যামল মার্ডি ও এলিনা সরেন। তাঁরা বলেন, চিনিকলের সঙ্গে জমি নিয়ে বিরোধ মেটাতে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদের সহযোগিতায় তাঁরা চার বছর আগে আন্দোলন শুরু করেন। কিন্তু তাঁরা (সাংসদ ও চেয়ারম্যান) মুখ ফিরিয়ে নিয়ে সহিংস ঘটনায় ইন্ধন জুগিয়েছেন। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছেন। সহিংস ঘটনায় সাঁওতালরা মারা গেছে। তাঁরা আবার উল্টো সাঁওতালদেরই নামে মামলা করেছেন। বক্তারা এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে তাঁদের বাপ-দাদার জমি ফেরত দেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, সাঁওতালদের ঘরে আগুন ও তিন সাঁওতাল নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এমনকি তদন্ত কমিটিও করা হয়নি। তাঁরা এ সময় বলেন, সাঁওতালদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের হয়রানি বন্ধ করতে হবে।
এর আগে জাতীয় আদিবাসী পরিষদ, জাতীয় আদিবাসী ফোরাম ও বিশিষ্ট নাগরিকদের নেতাদের একটি দল ও রংপুর বিভাগীয় আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে। উভয় প্রতিনিধিদলের নেতারা পরে সাঁওতালদের সমাবেশে যোগ দেন।
আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মোজাম্মেল হক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক টিপু মুনশি, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও সংরক্ষিত নারী সাংসদ উম্মে কুলসুম।
সমাবেশে আওয়ামী লীগের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাঁওতাল নেতাদের। নেতারা বলেন, এই সহিংস ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছে, তারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আদিবাসী ফোরাম, পরিষদের নেতাসহ বিশিষ্ট নাগরিকদের যে প্রতিনিধিদলটি ঘটনাস্থল পরিদর্শন ও সমাবেশে যোগ দেয়, তাদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ আবুল বারকাত, বেসরকারি সংস্থা নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবির, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং অধিকারী ও সভাপতি রবিন সরেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নীম চন্দ্র ভৌমিক।
সমাবেশে আদিবাসী নেতাদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তা অস্বীকার করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ। তিনি প্রথম আলোকে বলেন, তিনি সহিংসতার খবর জেনেছেন অনেক পরে। ওই ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
আর অভিযোগ প্রসঙ্গে জানতে সাপমারা ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে কয়েকবার ফোন করে বন্ধ পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ আবুল কালাম আজাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। কাউকে ইন্ধনও দিইনি। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রতিপক্ষ এসব অপপ্রচার চালাচ্ছে।’
আর ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এলাকায় রাজনীতি করি। তাই সবার সাথে থাকতে হয়। সাঁওতালদের আন্দোলনের সঙ্গেও ছিলাম। ওদের দাবি ভুল বুঝতে পেরে সরে এসেছি। উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন। জনপ্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকতে হয়েছে। কাউকে উসকানি দিইনি।’