সহিংসতায় একজন নিহত, বাড়িঘর, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন নিয়ে সহিংসতায় কিশোরগঞ্জের হোসেনপুরে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। নেত্রকোনা, পিরোজপুর, গোপালগঞ্জসহ কয়েকটি স্থানে আরও ২৫ জন আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে বুধবার রাতে সংখ্যালঘু এক পরিবারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:
কিশোরগঞ্জ: হোসেনপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থী শাহজাহান আলম ও জহিরুল ইসলামের সমর্থকদের মধ্যে হোসেনপুর সদর দাখিল মাদ্রাসার কেন্দ্রে ভোট গ্রহণকালে সংঘর্ষে ১২ জন আহত হন। তাঁদের মধ্যে শাহজাহানের সমর্থক উপজেলার ধুলিহর এলাকার আবুল কাসেম (৪৫) রামদায়ের কোপে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে; পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ খবর জানাজানি হলে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায় এবং আহত হন অন্তত আটজন।
নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামীম রেজা খান ও আতাউর রহমানের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। নির্বাচনে দুজনই পরাজিত হওয়ার পর তাঁদের সমর্থকেরা গতকাল সকালে মঈনপুর এলাকায় সংঘর্ষে জড়ান। এতে এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়। হামলা হয় তিনটি বাড়িঘরে। পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত আবদুস সালামের সমর্থকেরা বুধবার রাতে পরাজিত প্রার্থী আনোয়ারুল কবিরের সমর্থক হান্নান শেখের বাড়িতে হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হান্নানের স্ত্রী রেবেকা বেগম, প্রতিবেশী হাওয়া বেগম, সুজা হাওলাদার ও আতিকুর রহমান জখম হন। পরে আনোয়ারুল কবিরের সমর্থকেরা আবদুস সালামের ছেলে আলী হাসান ও আলী ইমাম, সমর্থক মেহেদী হাসান ও জাহিদুল ইসলামকে আহত করেন। গুরুতর আহত রেবেকাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর ও গোপালগঞ্জ: গোপালগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলর নাজমুল ইসলাম ও পরাজিত প্রার্থী হাসিবুর রহমানের দুই সমর্থকের মধ্যে হাতাহাতির পর বুধবার বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছয়জন আহত হন।
ফরিদপুরের নগরকান্দায় জয়ী কাউন্সিলর নিমাই চন্দ্র সরকারের বাড়িতে বুধবার রাতে ভাঙচুর করেন পরাজিত কাউন্সিলর মো. জালালউদ্দিনের সমর্থকেরা। পুলিশ ও র্যা ব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে পরাজিত কাউন্সিলর প্রার্থী রুহুল আমীন চৌধুরীর সমর্থকেরা প্রিসাইডিং কর্মকর্তাকে ঘেরাও করেন। তবে এ দাবি নাকচ করে দিলে তাঁরা ওই কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের এএসআই আনিছুর রহমান আহত হন।
কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রামে স্থানীয় ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী সিকদারের বাড়িতে হামলা হয়েছে। আশরাফ আলীর অভিযোগ, নবনির্বাচিত মেয়র আবদুল বারেক মোল্লার অনুসারী ওই হামলাকারীরা ঘরের টেলিভিশন, ফ্রিজ, একটি মোটরসাইকেল, শোকেজ, খাট, চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। এ ছাড়া আলমারি ভেঙে জরুরি কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছেন। এ ছাড়া তাঁর স্ত্রী ও মেয়েসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
তবে নবনির্বাচিত মেয়র আবদুল বারেক দাবি করেছেন, তাঁর অনুসারীরা হামলায় জড়িত নন।
বরগুনা: বরগুনা সদরের গগন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ দেখতে গিয়ে বুধবার হুড়োহুড়ির সময় পদদলিত হন সদরের গৌরিচন্না ইউনিয়নের ধূপতি গ্রামের নূরুল ইসলাম (৮০)। গতকাল সকালে বরগুনা জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।