সহিংসতায় একজন নিহত বাড়িঘর, গাড়ি ভাঙচুর
নির্বাচন নিয়ে সহিংসতায় কিশোরগঞ্জের হোসেনপুরে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। নেত্রকোনাসহ কয়েকটি স্থানে আরও কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে বুধবার রাতে সংখ্যালঘু এক পরিবারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:
কিশোরগঞ্জ: হোসেনপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থী শাহজাহান আলম ও জহিরুল ইসলামের সমর্থকদের মধ্যে হোসেনপুর সদর দাখিল মাদ্রাসার কেন্দ্রে ভোট গ্রহণকালে সংঘর্ষে ১২ জন আহত হন। তাঁদের মধ্যে শাহজাহানের সমর্থক উপজেলার ধুলিহর এলাকার আবুল কাসেম (৪৫) রামদায়ের কোপে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে; পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ খবর জানাজানি হলে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায় এবং আহত হন অন্তত আটজন।
নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামীম রেজা খান ও আতাউর রহমানের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। নির্বাচনে দুজনই পরাজিত হওয়ার পর তাঁদের সমর্থকেরা গতকাল সকালে মঈনপুর এলাকায় সংঘর্ষে জড়ান। এতে এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়। হামলা হয় তিনটি বাড়িঘরে।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে পরাজিত কাউন্সিলর প্রার্থী রুহুল আমীন চৌধুরীর সমর্থকেরা প্রিসাইডিং কর্মকর্তাকে ঘেরাও করেন। তবে এ দাবি নাকচ করে দিলে তাঁরা ওই কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের এএসআই আনিছুর রহমান আহত হন।
বরগুনা: বরগুনা সদরের গগন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ দেখতে গিয়ে বুধবার হুড়োহুড়ির সময় পদদলিত হন সদরের গৌরিচন্না ইউনিয়নের ধূপতি গ্রামের নূরুল ইসলাম (৮০)। গতকাল সকালে বরগুনা জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতে সংখ্যালঘু এক পরিবারের বাড়িতে ভাঙচুরের অভিযোগে গতকাল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।