চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পৈতৃক জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধে সহোদর বড় বোনের বঁটির আঘাতে হোসনে আরা ওরফে ছবি (৪৬) নামের ছোট বোন খুন হয়েছেন। উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা গোপালপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মরহুম মনোয়ার হোসেন মালিতার মেয়ে এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা হাফিজুল ইসলামের স্ত্রী। দামুড়হুদা মডেল থানা-পুলিশ গতকাল শুক্রবার সকালে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় স্ত্রীর মেজ (দ্বিতীয়) বোন ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলোদাগ গ্রামের মো. দুলাল হোসেনের স্ত্রী মিনি খাতুনকে আসামি করা হয়েছে।
লিখিত এজাহারে উল্লেখ করা হয়েছে, হোসনে আরা তাঁর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে গত বুধবার বিকেলে গোপালপুর গ্রামে বেড়াতে আসেন। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হোসনে আরা ও মিনি খাতুন দুই বোনে পৈতৃক জমিজমার ভাট-বাঁটোয়ারা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মিনি খাতুন বঁটি দিয়ে হোসনে আরার পিঠে কোপ মারেন। পরিবারের অন্য সদস্যরা গুরুতর জখম অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সদর হাসপাতালে চিকিৎসা চলাকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে মারা যান হোসনে আরা। এজাহারে দাবি করা হয়েছে, মিনি খাতুন বঁটি দিয়ে কুপিয়ে খুন করলেও হত্যার পেছনে অন্য কেউ জড়িত থাকতে পারেন।
গতকাল শুক্রবার সকালে সদর হাসপাতালের মর্গের পাশে দাঁড়িয়ে নিহত ব্যক্তির স্বামী হাফিজুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেড়ামারা শাখার একজন কর্মকর্তা। তাঁর স্ত্রীর বড় বোন মমতাজ আরা গিনি সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। মমতাজ আরার সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই তাঁর তৃতীয় বোন হোসনে আরাকে তিনি বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাঁদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তাঁরা হলো ইয়াসমিন জাহান (১৯), ইসরাত মুবিন (১৩) ও ইরফাত জাহান (৭)। ইরফাত জাহানের সামনেই বঁটি দিয়ে কোপ দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী বলেন, মরহুম মনোয়ার হোসেন মালিতার তিন ছেলে ও পাঁচ মেয়ে। নানা জটিলতার কারণে হোসনে আরার বোনেরা সব বাবার বাড়িতেই থাকেন। পৈতৃক জমিজমা নিয়ে কয়েক দিন ধরে ভাইবোনদের মধ্যে অশান্তি চলছিল। এরই কারণে খুনের ঘটনা ঘটতে পারে।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জি এম ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, খুনের ঘটনায় একটি মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।