সাঁওতালদের ক্ষতিপূরণ ও দোষীদের সাজার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট ও তাঁদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ পঞ্চগড় জেলা শাখাসহ কয়েকটি সংগঠন।

গতকাল বুধবার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সাঁওতাল নারী-পুরুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। তাঁরা সাঁওতালদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়া, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, সাঁওতাল হত্যার সুষ্ঠু বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে এতে অংশগ্রহণকারীরা ওই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন।

মানববন্ধনে আদিবাসী কল্যাণ সমিতির পরিচালক রজনী কান্ত মারডি, উপদেষ্টা উদয় কুমার ঘোষ ও সূর্যরাম মারডি, সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মংলা সরেন, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মধু মুরমু প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, আওয়ামী লীগের নেতা রবিউল আলম, আমিনুল ইসলাম ও অধ্যাপক মিজানুর রহমান।