গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘাতের ঘটনায় সাঁওতালদের করা মামলায় সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এদিকে বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত সাঁওতাল এলাকা পরিদর্শন করেছে। এ সময় তাঁরা ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দোষারোপ করে।
এ ছাড়া আহত অবস্থায় হাসপাতাল থেকে গ্রেপ্তার হওয়া দুই সাঁওতাল বিমল কিসকু ও চরণ সরেন গতকাল জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সহায়তায় বাড়িতে পাঠানো হয় তাঁদের। বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ বিচারিক হাকিম আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার তিনজন হলেন গোবিন্দগঞ্জ উপজেলার কটিয়াবাড়ি গ্রামের সাদেকুল ইসলাম (৪৫), লেবু মিয়া (২২) এবং একই উপজেলার নরেন্দ্রবাদ গ্রামের জিয়াউর রহমান (৩২)। এ নিয়ে এ মামলায় আটজন গ্রেপ্তার হলো।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলটি গতকাল উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুর গ্রামে যায়। এ দলে আরও ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব প্রমুখ। পরিদর্শন শেষে মাদারপুর গির্জার সামনে এক সংবাদ সম্মেলনে সাঁওতালদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান জয়নুল আবদিন ফারুক। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে এই হামলা হয়েছে। পরে প্রতিনিধিদলটির পক্ষ থেকে সাঁওতালদের মধ্যে ২০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত এবং পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর ১১ দিন পর গত বুধবার রাতে সাঁওতালদের মামলা নেয় পুলিশ।