সাঁতরে পাচার করা হচ্ছিল ইয়াবার বড় চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁতরে মিয়ানমার থেকে পাচার করা হচ্ছিল ২ লাখ ৬০ হাজার ইয়াবার চালান। চালানটি জব্দ করেছে টেকনাফ-২ বিজিবির সদস্যরা। আজ মঙ্গলবার ব্যাটালিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো
সাঁতরে মিয়ানমার থেকে পাচার করা হচ্ছিল ২ লাখ ৬০ হাজার ইয়াবার চালান। চালানটি জব্দ করেছে টেকনাফ-২ বিজিবির সদস্যরা। আজ মঙ্গলবার ব্যাটালিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান সাঁতরে পাচার করা হচ্ছিল কক্সবাজারের টেকনাফে। এই চালানে ২ লাখ ৬০ হাজার ইয়াবা আছে। ইয়াবার এই বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আইয়ুবের জোড়াখাল এলাকা দিয়ে পাচারের সময় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান এই তথ্য জানান। তিনি বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে, এমন তথ্য পায় বিজিবি। এই খবরের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির বিশেষ টহল দল আইয়ুবের জোড়াখাল এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে তিনজন ইয়াবা পাচারকারীকে সাঁতরে বাংলাদেশের জলসীমায় উঠতে দেখা যায়। তাদের চ্যালেঞ্জ করেন বিজিবির টহল দলের সদস্যরা। চোরাকারবারিরা তখন তিনটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ২ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে।

এত অভিযান এবং বন্দুকযুদ্ধের ঘটনায় ইয়াবা পাচারকারী নিহত হলেও ইয়াবা আসা কেন থামছে না—এমন প্রশ্নের জবাবে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘বড় বড় গডফাদারেরা এখনো টেকনাফে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত ইয়াবা পাচার কমবে বলে আমার মনে হয় না। ইয়াবা ব্যবসা একটি লাভজনক ব্যবসা বলে এটি সহজে কমছে না। চাহিদা থাকায় পর্যটন মৌসুমকে সামনে রেখে মিয়ানমার থেকে ইয়াবা আসছে।’