সাঁতার কেটে পালাতে গিয়ে সিঙ্গাপুরে বাংলাদেশি গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে সাঁতার কেটে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সিঙ্গাপুরের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। সিঙ্গাপুরের স্ট্রেইটটাইমসের খবরে আজ বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।
সাঁতার কেটে পাইপলাইনের দিকে এগিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের অভিবাসন, কোস্টগার্ড ও পুলিশের কর্মকর্তারা ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন।
এরপরই কর্মকর্তারা উডল্যান্ড ওয়াটার ফ্রন্ট এলাকার একটি বেড়ায় নীল জিনসের প্যান্ট ঝুলতে দেখে আবার ওই এলাকায় তল্লাশি চালান। তল্লাশির সময় পুলিশ ৩৪ ও ৩৭ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো তাঁরা প্রথম ব্যক্তিকে সিঙ্গাপুর থেকে পালিয়ে যেতে সাহায্য করছিলেন।
সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, ওই বাংলাদেশি সিঙ্গাপুরে থাকার ভিসার মেয়াদ শেষ হয়েছিল। এরপরেও তিনি সিঙ্গাপুরে থাকছিলেন। পরে তিনি সাঁতার কেটে পালিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।
অভিবাসন কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সময় পেরিয়ে যাওয়া বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যাঁরা সিঙ্গাপুরে থাকেন, তাঁদের বিরুদ্ধে অভিযান চালায় অভিবাসন কর্তৃপক্ষ। অবৈধভাবে সিঙ্গাপুরে প্রবেশ ও প্রস্থানের প্রচেষ্টাকে গুরুতর অভিযোগ হিসেবে দেখা হয়।’
আইনে সিঙ্গাপুরে অবৈধ অনুপ্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে থাকার অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির ছয় মাস জেল এবং তিনটি বেত্রাঘাতের দণ্ড দেওয়া হতে পারে।
অন্যদিকে কোনো ব্যক্তিকে অবৈধভাবে সিঙ্গাপুর ত্যাগে সাহায্য করার অপরাধ প্রমাণিত হলে ছয় মাস থেকে দুই বছরের জেল এবং ছয় হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।