সাঁথিয়ায় অপহৃত শিশু বেড়ায় উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গত শুক্রবার রাতে পুলিশ মনসুর (১১) নামের অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে। শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। শিশুটিকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মনসুর মায়ের সঙ্গে কাজুরি গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার বিকেলে শাহাদত হোসেন শিশুটিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সেখান থেকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। সন্ধ্যার দিকে শিশুটিকে বাড়ির লোকজন খুঁজে না পেলে তাঁদের সন্দেহ গিয়ে পড়ে শাহাদত হোসেনের ওপর। বাড়ির লোকজন মুহূর্তেই স্বজনদের মাধ্যমে বিষয়টি বিভিন্ন স্থানে জানিয়ে দেন। রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কয়েকজন শাহাদতকে কাশীনাথপুর বাসস্ট্যান্ডে পেয়ে পুলিশে খবর দেন। সেখানে এলাকাবাসী শাহাদতকে গণপিটুনি দিলে তিনি শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে নয়টার দিকে পুলিশ বেড়া বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির পেছন দিক থেকে শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির মা রীনা খাতুন শুক্রবার রাতে শাহাদত হোসেনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদত অপহরণের কথা স্বীকার করেছেন। অপহরণের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে ব্যাপারে জানার জন্য তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে।