সাঁথিয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় গতকাল রোববার আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পুলিশের দুই সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহত লোকজনের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাঁথিয়ার পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা মিরাজুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দারের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২৮ ডিসেম্বর মিরাজুল ইসলামের এক সমর্থককে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। এরই জের ধরে তপন হায়দারের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় তপন হায়দার পৌর মেয়র মিরাজুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। মামলা দায়েরের প্রতিবাদে মিরাজুলের সমর্থকেরা গতকাল বেলা ১১টার দিকে সাঁথিয়া বাজারে মিছিল করেন। এ সময় তপন হায়দারের লোকজনও আরেকটি মিছিল বের করার জন্য নেতার বাসভবনের সামনে জড়ো হন। মিরাজুলের মিছিলটি তপন হায়দারের বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে তপন হায়দার (৪৮) ও ছেঁচানিয়া গ্রামের পথচারী মারুফা খাতুন (২৩) গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন সাঁথিয়া থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম (৪২), কনস্টেবল সোহাগ মাহমুদ (২৬), খলিসাখালী গ্রামের মকরম আলীসহ (৪৫) আরও ৮ থেকে ৯ জন। গুলিবিদ্ধ মারুফা ও তপন হায়দারকে গুরুতর অবস্থায় পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বেড়া ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
মিরাজুল ইসলাম বলেন, ‘আমি দুদিন ধরে ঢাকায় রয়েছি। আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী শান্তিপূর্ণ মিছিল বের করলে তপন হায়দারের লোকজন বিনা উসকানিতে সেই মিছিলে হামলা চালায়।’
এদিকে তপন হায়দার মুঠোফোনে বলেন, ‘২৮ ডিসেম্বর আমার প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আমার বাড়ির সামনে এসে জড়ো হয়। এরপরই মিরাজুলের লোকজন মিছিল নিয়ে আমার লোকজনের ওপর গুলি চালায় ও বোমা নিক্ষেপ করে। আমি নিজেও গুলিতে আহত হয়েছি।’
বেড়া-সাঁথিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।