সাঁথিয়ায় আ.লীগের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় আজ রোববার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুজন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে সাঁথিয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দারের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২৮ ডিসেম্বর মিরাজুল ইসলামের এক সমর্থককে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। এরই জের ধরে তপন হায়দারের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় কয়েক দুর্বৃত্ত। এ ঘটনায় তপন হায়দার পৌর মেয়র মিরাজুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। মামলা দায়েরের প্রতিবাদে মিরাজুলের সমর্থকেরা আজ বেলা ১১টার দিকে সাঁথিয়া বাজারে মিছিল বের করেন। এ সময় তপন হায়দারের লোকজনও আরেকটি মিছিল বের করতে তাঁর বাসভবনের সামনে জড়ো হয়। মিরাজুলের মিছিলটি তপন হায়দারের বাসভবনের সামনে এলে দুই পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় ব্যাপক গোলাগুলি ও বোমার শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের ১৮টি শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে তপন হায়দার (৪৮) ও ছেঁচানিয়া গ্রামের মারুফা খাতুন (২৩) নামের এক পথচারী গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন সাঁথিয়া থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম (৪২), কনস্টেবল সোহাগ মাহমুদ (২৬), খলিসাখালী গ্রামের মকরম আলী (৪৫), তেঘড়ি গ্রামের মানিক মিয়া (২৮), বোয়াইলমারী গ্রামের গাজিউর রহমানসহ (৪৫) আরও আট থেকে নয়জন। গুলিবিদ্ধ মারুফা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়-সাতজন ভর্তি হন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ব্যাপারে মিরাজুল ইসলাম বলেন, ‘আমি দুদিন ধরে ঢাকায়। আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী পৌর শহরে শান্তিপূর্ণ মিছিল বের করলে তপন হায়দারের লোকজন বিনা উসকানিকে সেই মিছিলে আক্রমণ করে।’

তপন হায়দার পাল্টা অভিযোগ করে বলেন, ‘২৮ ডিসেম্বর আমার প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমার বাড়ির সামনে এসে জড়ো হয়। এরপরই মিরাজুলের লোকজন মিছিল নিয়ে আমার লোকজনের ওপর গুলি চালায় ও বোমা নিক্ষেপ করে। আমি নিজেও গুলিতে আহত হয়েছি।’

বেড়া-সাঁথিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে লিপ্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।