সাঁথিয়ায় গৃহবধূ, সুন্দরগঞ্জে শিশু খুন
পাবনার সাঁথিয়া উপজেলায় গত শুক্রবার এক গৃহবধূকে পুড়িয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। এদিকে গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে ছয় মাসের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মারা যাওয়া দুজন হলো সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বাউশগাড়ী গ্রামের তাজরীণ (২৮) এবং সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সিয়াম মিয়া।
সাঁথিয়া থানার পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে সাঁথিয়ার বাউশগাড়ী গ্রামের আলমগীরের সঙ্গে পাশের ফরিদপুর উপজেলার শাকপালা গ্রামের আবদুল ওহাব প্রামাণিকের মেয়ে তাজরীণের বিয়ে হয়। বছর খানেক আগে আলমগীর নিজ গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি নিয়ে আলমগীর ও তাজরীণের মধ্যে কলহ চলছিল।
তাজরীণের বাবার বাড়ির এক সদস্য অভিযোগ করেন, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আলমগীর ও তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই আবদুল হামিদ তাজরীণকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেন।
পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন ও আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুড়িয়ে ও শ্বাসরোধ করে তাজরীণকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহত নারীর ভাই সবুজ হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
অপরদিকে নবাবগঞ্জ গ্রামে বাড়ির পাশের এক ডোবায় সিয়ামের লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজন সিয়ামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ শিশুর বাবা স্বপন মিয়াকে (৩০) গ্রেপ্তার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় এ নিয়ে মামলা হয়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, স্বপন মিয়া ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের মধ্যে অনেক ঝগড়া হতো। দাম্পত্য কলহের জের ধরে গতকাল দুপুরে স্বপন মিয়া সিয়ামকে হত্যা করতে পারেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।