সাঁথিয়ায় প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
পাবনার সাঁথিয়া উপজেলায় ভুল চিকিৎসায় ইসমত আরা (৪০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাশীনাথপুরে গত রোববার রাতে ‘মা জেনারেল হাসপাতাল’ নামের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মাস খানেক আগেও ওই ক্লিনিকে এক প্রসূতি মারা যান বলে অভিযোগ রয়েছে।
মারা যাওয়া প্রসূতি ইসমত আরা বেড়া উপজেলার মাসুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের প্রভাষক আলীম আল রাজীর স্ত্রী। আলীম আল রাজী বলেন, রোববার রাতে তিনি সন্তানসম্ভবা স্ত্রীকে কাশীনাথপুরে মা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ না থাকা সত্ত্বেও ক্লিনিক কর্তৃপক্ষ তাঁর স্ত্রীকে সেখানে ভর্তি করার পরামর্শ দেয়। তাদের পরামর্শে তিনি স্ত্রীকে সেখানে ভর্তি করেন। একপর্যায়ে ক্লিনিকের লোকজন অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের কথা বলে তাঁর স্ত্রীকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান। সেখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ছাড়াই হাতুড়ে চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করানো হয়। এতে একটি ছেলেসন্তান ভূমিষ্ঠ হলেও প্রসূতির অবস্থার মারাত্মক অবনতি ঘটে। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। এর কিছুক্ষণের মধ্যেই প্রসূতির মৃত্যু ঘটে।
স্থানীয় লোকজনের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসক, অবেদনবিদ, প্রশিক্ষিত আয়া ও নার্স ছাড়াই ক্লিনিকটিতে দীর্ঘদিন ধরে প্রসূতিদের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হচ্ছিল। গত মাসেও একজন প্রসূতি সেখানে মারা যান।
অবশ্য হাসপাতালের পরিচালক রুবেল খান বলেন, ‘ওই রোগীর অস্ত্রোপচার ও অ্যানেসথেসিয়ার কাজ খ্যাতিমান দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যানেসথেটিস্ট না থাকার অভিযোগ একেবারেই মিথ্যা। আর ওই রোগী ছাড়া এর আগে আমাদের ক্লিনিকে কখনোই কোনো রোগী মারা যায়নি। আসলে ওই রোগীর আগে থেকেই উচ্চ রক্তচাপ ও খিঁচুনিজনিত সমস্যা ছিল। বিষয়টি রোগীর স্বজনেরা ক্লিনিকের চিকিৎসকদের জানাননি। ফলে রোগীর সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেওয়া মাত্রই রোগীকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে রোগীর মৃত্যু হয়।’
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, ‘প্রসূতি মারা মারা যাওয়ার ব্যাপারে কেউ অভিযোগ দেননি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’