সাঁথিয়ায় ভিজিএফের ১২৯ বস্তা চাল উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা বাজারের দুটি চালের গুদাম থেকে গতকাল রোববার ১২৯ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্থানীয় চাল ব্যবসায়ী শ্যামল দাসকে (৪০) আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম গতকাল সকাল আটটার দিকে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজারের চাল ব্যবসায়ী শ্যামল দাসের ভাড়া নেওয়া দুটি গুদামে অভিযান চালান। গুদাম দুটিতে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য সরকারের দেওয়া ভিজিএফের ১২৯ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তাগুলো জব্দ করে সাঁথিয়া থানায় নেওয়া হয়। উদ্ধার হওয়া চালের বস্তাগুলোর মধ্যে ১২৪টিতে ৫০ কেজি ও ৫টিতে ৩০ কেজি করে চাল রয়েছে। ঘটনাস্থল থেকে চাল ব্যবসায়ী ও গুদাম দুটির মালিক শ্যামল দাসকে আটক করা হয়।

সাঁথিয়ার ইউএনও শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভিজিএফের চালগুলো উদ্ধার করা হলেও সেগুলো কোথা থেকে সেখানে আনা হয়েছিল তা জানা যায়নি। উদ্ধার করা চালসহ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ বলেন, তিনি ২ হাজার ১০৭ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্দ পেয়েছিলেন। সেই মোতাবেক ২৮ জন না আসায় বাকি সবার মধ্যে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে। যাঁদের মধ্যে বিতরণ করা হয়নি তাঁদের চাল ইউনিয়ন পরিষদের গুদামে রয়েছে এবং চাল নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়া হয়েছে। আটক করা চাল ভিজিএফের হলেও তা তাঁর কাছ থেকে বা ইউনিয়ন পরিষদের গুদাম থেকে যায়নি। বরং অনেক কার্ডধারী চাল তোলার পর চাল ব্যবসায়ীর কাছে তা বিক্রি করে দেন। আর সেই সব ব্যবসায়ীর কাছ থেকে চাল কিনেই শ্যামল দাস নিজের গুদামে রেখেছিলেন।