সাঁথিয়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার পাড়করমজা কবরস্থান এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

ওই ব্যক্তির নাম আবদুস সোবাহান (৪০)। তিনি উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। পুলিশ বলছে, সোবাহান মাদকসহ বিভিন্ন অপরাধের ১১টি মামলার আসামি।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মাদকদ্রব্য পাচারের খবর পেয়ে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল অভিযানে যায়। দলটি পাড়করমজা কবরস্থান এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী সোবাহান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ছয়টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন, একটি ওয়ান শুটারগান, একটি গুলি, একটি হাঁসুয়া ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই কনস্টেবল।