সাঁড়াশি অভিযানের মধ্যেই হিযবুত তাহ্রীরের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে চলা জঙ্গিবিরোধী অভিযানের মধ্যেই নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর বিভিন্ন এলাকায় পোস্টার সেঁটেছে, প্রচারপত্র বিলি করেছে। ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাসহ এই পোস্টারগুলো এখন ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন আবাসিক ভবন ও অফিসের দেয়ালে ঝুলছে।
ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় সাঁটা পোস্টারে সরকারের সমালোচনা করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ১৭ জুন দেশবাসীর প্রতি সংগঠনটি আহ্বান জানাবে বলে প্রচার করা হয়েছে। তবে ওই দিন হিযবুত তাহ্রীর ঠিক কী করবে বা কোথাও জমায়েত হবে কি না, সে সম্পর্কে কিছু বলা হয়নি। পোস্টারের নিচের দিকে একটি মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে। ওই ফোন নম্বরে ফোন করে দেখা যায়, সেটি কেউ ধরে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এখন পর্যন্ত সংগঠনটির কর্মসূচি সম্পর্কে অন্ধকারে।
সর্বশেষ ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর অনলাইনে হিযবুত তাহ্রীরের সদস্যরা ভিডিও কনফারেন্স করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হিযবুত তাহ্রীর পোস্টার ছাপে ও প্রচারপত্র বিলি করে।
ঢাকার বাইরে রাজশাহীর উপশহর এলাকার এক মসজিদে গত শুক্রবার জুমার নামাজের পর একদল তরুণ কর্মসূচির ঘোষণা দেওয়া প্রচারপত্র বিলি করেন। তাঁদের একজনকে মুসল্লিরা ধরে ফেললে আরও কয়েকজন এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
২০০৯ সালে নিষিদ্ধঘোষিত এ সংগঠনটি ঘোষণা দিয়ে আবারও আলোচনায় আসার চেষ্টাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান। প্রথম আলোকে তিনি বলেন, ‘এতে করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও কমবে সাধারণ মানুষের। ঘোষণা দিয়ে পুলিশ জঙ্গিবাদবিরোধী অভিযানে নামার পর মানুষ আশা করেছিল হত্যাকারীরা ধরা পড়বে। এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই। এরই মধ্যে হিযবুত তাহ্রীরের জানান দিয়ে কর্মসূচির ঘোষণা রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ করা।’
পোস্টার সেঁটে কর্মসূচি ঘোষণার ব্যাপারে পুলিশের অবস্থান কী জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, ‘পোস্টারে শহর ছেয়ে যায়নি। কয়েকটি এলাকায় পোস্টার আছে। কারা সেঁটেছে, কোথা থেকে পোস্টারগুলো ছাপা হয়েছে, সে ব্যাপারে আমরা খোঁজখবর করছি।’
পুলিশের গোয়েন্দা বিভাগের শীর্ষ একজন কর্মকর্তা বলেন, বছর দুয়েক আগে পুলিশ হিযবুত তাহ্রীরের হাজার খানেক সদস্যকে গ্রেপ্তার করে। তাঁদের অনেকেই বেরিয়ে এসে আবারও সংঘটিত হওয়ার চেষ্টা করছেন। ওই কর্মকর্তা আরও বলেন, হিযবুত তাহ্রীরের সদস্যরা অপেক্ষাকৃত ধনী পরিবারের হওয়ায় ভালো উকিল ধরে জামিন নিয়ে বেরিয়ে আসছেন। বেরিয়ে এসেই আবারও উৎপাত করছেন।
এদিকে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, পোস্টার সাঁটা ও প্রচারপত্র বিলির ব্যাপারে তাঁরা জেনেছেন। র্যাবের নিজস্ব গোয়েন্দা বাহিনী বিষয়গুলো নজরদারি করছে। নজরদারিতে কী ফল পাওয়া গেছে বা হিযবুত তাহ্রীর আসলে কী করতে চাইছে, সে সম্পর্কে কোনো তথ্য আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তাঁর পক্ষে এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয়।
র্যাব বলছে, জঙ্গি দমনে র্যাবের তৎপরতা শুরু থেকেই ছিল। এখনো আছে। কিন্তু হিযবুত তাহ্রীরের সদস্যরা হুটহাট এক জায়গায় জড়ো হয়ে পোস্টার সাঁটছেন বা প্রচারপত্র বিলি করছেন। সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাজির থাকছে না। পরে অনেক সময়ই হাতেনাতে তাঁদের ধরা সম্ভব হচ্ছে না।
২০০৯ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে হিযবুত তাহ্রীর সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই এই সংগঠনের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সৈয়দ গোলাম মাওলাসহ প্রায় ৪০০ জন র্যাব-পুলিশের হাতে গ্রেপ্তার হন।