সাংবাদিক অখিল পোদ্দারকে বেধড়ক পিটিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে কুমারখালীর বাটিকামারা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
চিকিৎসাধীন অখিল পোদ্দার জানান, তিনি ও মোহনা টেলিভিশনের খোকসা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম রাতে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহর থেকে খোকসার নিজ বাড়িতে ফিরছিলেন। বাটিকামারা রেলগেটে পৌঁছালে সেখানে টলহরত কুমারখালী থানার এএসআই আবুল কালাম আজাদ তাঁকে থামান। এ সময় তিনি সাংবাদিক পরিচয় দিলে কোনো কারণ ছাড়াই তাঁদের গালাগাল শুরু করেন। প্রতিবাদ করলে পুলিশ সদস্য আজাদসহ তাঁর সঙ্গীয় ফোর্স বেধড়ক মারধর শুরু করে। ঘটনা জানানোর জন্য অখিল মুঠোফোন বের করলে পুলিশ তা ভেঙে ফেলে। পরে স্থানীয়রা উপস্থিত হলে পুলিশ মামলা দেওয়ার কথা বলে হাতকড়া পরিয়ে তাঁদের থানায় নেয়। খবর পেয়ে কুষ্টিয়া ও কুমারখালীর সাংবাদিকেরা থানায় উপস্থিত হলে তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সাংবাদিকেরা ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে থানা ঘেরাও করেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘আমি ক্ষমা চাইছি। এ ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’