সাংবাদিক আরাফাতকে মারধর: আসামিদের গ্রেপ্তারে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত রহমানকে মারধরের ঘটনায় করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, দায়ের করা মামলা যেন কোনো রাজনৈতিক প্রভাব বা অন্য কোনোভাবে প্রভাবিত না হয়। পুলিশ যেহেতু মামলা গ্রহণ করেছে, তাই মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, আরাফাত একজন শিক্ষার্থীও। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ওপর হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দায়িত্বও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর বর্তায়।’ এ সময় বক্তারা জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনির সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক সমকালের রাজশাহী ব্যুরোপ্রধান সৌরভ হাবিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাবীদ অপু, সাংবাদিক সমিতির সভাপতি হাসান আদিব, সহসভাপতি মোস্তাফিজ মিশু, বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল মজিদ অন্তর প্রমুখ।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবন, আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাননসহ কয়েকজন নেতা-কর্মী দেশ ট্রাভেলসের বাস ভাঙচুর করছিলেন। ওই ঘটনার ছবি তোলায় সাংবাদিক আরাফাতকে বেধড়ক মারধর করেন তাঁরা। সন্ধ্যায় এ ঘটনায় সাইফুল ইসলাম ও মাহমুদুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মারধরের ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আরাফাত রহমান।
এদিকে বাস ভাঙচুর এবং সাংবাদিক আরাফাত রাহমানকে পিটিয়ে জখম করার ঘটনায় নগরের মতিহার থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
গতকাল রাতে দেশ ট্রাভেলসের ক্ষতিগ্রস্ত বাসটির সুপারভাইজার মো. মানিক হোসেন এক লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। আর সাংবাদিক আরাফাত রহমান তাঁর করা মামলার এজহারে ‘হত্যাচেষ্টা’র অভিযোগ এনেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আহাসান লাবনসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করেছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, তদন্ত করে দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।