সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই সংবাদকর্মীকে মারধরের প্রতিবাদে ও ঘটনায় জড়িত লোকজনের শাস্তির দাবিতে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজনে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি একাত্মতা প্রকাশ করে। কর্মসূচিতে সাংবাদিক সমিতির সভাপতি হাসান আদিব, সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার সিলেট নগরীর পাঠানটুল দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভার-এর সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী ও দৈনিক সকালের খবর-এর শাবি প্রতিনিধি সৈয়দ নবীউল আলমকে বেধড়ক মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।