সাংবাদিক পরিচয়ে জাল নোটের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল টাকা তৈরি করে তা বিভিন্ন স্থানে সরবরাহের জন্য দীর্ঘদিন ধরে ‘প্রেস’ লেখা স্টিকার সাঁটানো মোটরসাইকেল ব্যবহার করে আসছিলেন তিনি। নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। কথিত এই সাংবাদিককে ২৫ লাখ টাকার জাল নোটসহ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁর নাম হামিদুর রহমান (৩৭)। এ সময় জামিলা আক্তার ওরফে মানিজা (৩০) নামের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
র্যা ব জানায়, হামিদুর ও জামিলা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া করে জাল নোট তৈরি করে আসছিলেন। ঈদুল ফিতরকে কেন্দ্র করে তাঁরা বিপুল পরিমাণ জাল নোট ছাপিয়েছিলেন। জাল টাকা পরিবহনের জন্য তিনি ‘প্রেস’ লেখা স্টিকার সাঁটানো মোটরসাইকেলটি ব্যবহার করতেন।
র্যা ব জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আদাবর থানার বায়তুল আমান আবাসিক এলাকার ১৫ নম্বর সড়কে অভিযান চালিয়ে জামিলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ নম্বর সড়কের একটি বাড়ির ছয়তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হামিদুরকে।