সাংবাদিক পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫
বরিশাল নগরে সাংবাদিক পরিচয়ে তরুণ-তরুণীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধার এবং ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সৈয়দ বাবু (২৬), ব্রাউন কম্পাউন্ড এলাকার মো. আরিফ হোসেন (২৩), পাসপোর্ট গলির বাসিন্দা মো. রাসেল (২০), নাজিরের পুল এলাকার অমিত (২৭) এবং কোতোয়ালি থানা এলাকার মো. সোহাগ (২৫)।
অপহরণের শিকার তরুণ ওবায়দুর রহমান বলেন, তাঁর মেয়েবন্ধুর সঙ্গে দেখা করতে গত মঙ্গলবার রাজশাহী থেকে বরিশালে এসে নগরের কাটপট্টি এলাকার একটি হোটেলে ওঠেন। রাতে ওই হোটেলে ১০-১২ জনের একটি দল হানা দেয়। দলটির তিন-চারজন সাংবাদিক বলে পরিচয় দেন। তাঁরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে হোটেল থেকে দুজনকে কাউনিয়া এলাকার একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়। পরদিন নগরের বটতলা এলাকায় দুটি পত্রিকার কার্যালয়ে আনা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে দলটিকে ১৭ হাজার টাকা দেওয়া হয়। এরপর দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়।