সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে সাংবাদিক পরিচয়ে হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন আটোয়ারী উপজেলার তোড়িয়া গ্রামের মো. শাহজাহান আলী এবং একই উপজেলার কিসামত এলাকার সুকুমার দাস।
উপজেলার লতিঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিগেন চন্দ্র বর্মণ তাঁদের বিরুদ্ধে গত রোববার রাতে একটি মামলা করেন। এজাহারে বলা হয়, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যান। ২৩ জুলাই তাঁরা লতিঝাড়ি বিদ্যালয়ে যান। তাঁরা কথার ফাঁকে শিক্ষাপ্রতিষ্ঠানের দপ্তরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়াল থেকে নামিয়ে তা বিকৃত করেন ও তাঁর হাতে ধরিয়ে দিয়ে ছবি তোলেন। পরে ছবির অমর্যাদা করা হয়েছে, এমন অভিযোগে তাঁর কাছ থেকে চাঁদা দাবি করা হয়। গত কয়েক দিনে উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
তাঁরা চাঁদা চাইতে গত রোববার দুপুরে প্রধান শিক্ষক দ্বিগেন চন্দ্রকে উপজেলা পরিষদ চত্বরে ডাকেন। তাঁরা ছবি দেখিয়ে শিক্ষককে নানা ধরনের হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। প্রধান শিক্ষক বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় শিক্ষকনেতাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে তাঁদের ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়। ইউএনও ঘটনাটি থানায় জানালে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে চাঁদাবাজির অভিযোগে তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।