সাংবাদিক পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা দাবি
প্রথম আলোর সাংবাদিক পরিচয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার এক শিক্ষকের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করেছেন এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম মো. হুমায়ন কবির। তিনি ওই মাদ্রাসার কৃষি বিষয়ের শিক্ষক।
হুমায়ন কবির বলেন, প্রথম আলোর সাংবাদিক শংকর দাস পরিচয় দিয়ে এক ব্যক্তি মুঠোফোন থেকে তাঁকে বলেন, তাঁর বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ আছে। আগামীকাল সেটি পত্রিকায় প্রকাশিত হবে। এ জন্য তাঁকে তাড়াতাড়ি টাকা জোগাড় করতে বলা হয়। ঘটনাটি তিনি অধ্যক্ষকে জানান।
পরে অধ্যক্ষ প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধিকে বিষয়টি জানান। বাউফল প্রতিনিধি তাঁর পরিচয় গোপন করে ওই নম্বরে ফোন করলে তাঁকেও ওই ব্যক্তি প্রথম আলোর সাংবাদিক শংকর দাস বলে পরিচয় দেন। এরপর কথার একপর্যায়ে তিনি মুঠোফোনটি বন্ধ করে দেন।
প্রথম আলোর পটুয়াখালীর জেলা প্রতিনিধির নাম শংকর দাস হলেও তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। তাঁর নাম ব্যবহার করে ওই ব্যক্তি অনৈতিক সুবিধা নিতে চেয়েছিলেন। বিষয়টি মৌখিকভাবে বাউফল থানাকে অবহিত করা হয়েছে।