সাংবাদিক পান্না বালার মামা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালার মামা বিভাষ বিশ্বাসকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা প্রভাবিত করতে পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে বিভাষ বিশ্বাসের ভাগনে বিপ্লব বালা দাবি করেন, পুলিশ পরিকল্পিতভাবে তাঁর মামাকে গ্রেপ্তার করেছে।
১ আগস্ট সকালে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার বাসা থেকে পান্না বালার স্ত্রী জয়ন্তী সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে পান্না বালা, তাঁর মা ও বোনকে আসামি করে মামলা করেন জয়ন্তীর ভাই মনোজ সরকার। ওই রাতে পান্না বালাকে পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ‘রাত পৌনে আটটার দিকে বিভাষ বিশ্বাস থানায় আসেন। মামলায় বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়ে তিনি ৩০ হাজার টাকা বের করে আমাকে উৎকোচ দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি আমি তাৎক্ষণিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানাই। তখন বিভাষ বিশ্বাস ওসিকেও উৎকোচ দেওয়ার চেষ্টা করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে ৩০ হাজার টাকা জব্দ করে বিভাষ বিশ্বাসকে আটক করা হয়।’
এসআই মাসুদ আরও জানান, বিভাষ বিশ্বাসকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তবে পান্না বালার বড় ভাই বিপ্লব বালা প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা সময় দেওয়ায় সন্ধ্যার পর থানায় যান তাঁর মামা। এ সময় পুলিশ তাঁকে আটক করে। পুলিশকে উৎকোচ দেওয়ার চেষ্টার অভিযোগ সত্য নয়।