চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীদের মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া সাংবাদিক হলেন রকিব কামাল। তিনি দৈনিক মানবকণ্ঠ-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে পড়েন তিনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ও হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঝুপড়ির একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রকিব কামাল ও তাঁর বন্ধু ভোরের কাগজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিজানুর রহমান। এ সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান তাঁর অনুসারী আট-দশজন কর্মীকে নিয়ে ঝুপড়িতে আসেন। তাঁরা রকিব কামালকে খুঁজতে থাকেন। নিজের পরিচয় দেওয়ার পর রকিব কামালকে কর্মীরা টেনেহিঁচড়ে ঝুপড়ির পেছনে নিয়ে যান। এ সময় রকিবের বন্ধু মিজান বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রকিবকে গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন তাঁরা। পরে অন্য সাংবাদিকেরা এসে রকিবকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে রকিব কামাল প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে ছাত্রলীগের নেতা মিজানুর রহমানকে নিয়ে মানবকণ্ঠতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ হন তিনি। নতুন কমিটিতে পদ পেয়ে ছাত্রলীগের কনিষ্ঠ কর্মীদের দিয়ে তিনি আমাকে পিটিয়েছেন।’
এ বিষয়ে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটি মিথ্যা অভিযোগ। আমি বরং রকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি।’
এর আগে গত ২৪ জুন মিজানুর রহমানের নেতৃত্বে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক শরীফুল ইসলামকে মারধর করার অভিযোগ ওঠে। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করা হয়।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রহমান শোয়েব প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একের পর এক সাংবাদিককে মারধর করছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে একজন সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
৭ জুন ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে শাটল ট্রেনে মারধরের শিকার হন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ফজল হাবিব। এরপর ১৭ জুন মারধরের শিকার হন দৈনিক প্রিয় চট্টগ্রাম-এর চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় প্রতিনিধি জয় দাশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।