সাংবাদিক পেটালেন আ.লীগের চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকেরা
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কয়রা সদর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী বাহারুল ইসলাম ও তাঁর সমর্থকেরা কয়রা প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমানকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মতিউর রহমান যশোরের দৈনিক নওয়াপাড়া ও জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিনে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসা থেকে কয়রা উপজেলা সদরে আসার পথে জালালের মোড় এলাকায় মতিউরের ওপর এই হামলা চালানো হয়। তাঁকে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক মতিউর রহমান ‘প্রথম আলো’কে জানান, তাঁর নিজের গ্রামের ছেলে যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম সদর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি শফিকুল ইসলামের পক্ষে এলাকায় কাজ করছিলেন, এই অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা বাহারুলের নেতৃত্বে ২০-২৫ জন যুবক লোহার রড দিয়ে তাঁর ওপর হামলা চালান। স্থানীয় জনসাধারণ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, তৃণমূলে প্রার্থী নির্বাচনের সময় বাহারুল মনোনয়ন চাননি। সে সময় শফিকুল ৫৩ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু দলের মনোনয়ন শফিকুলকে দেওয়া হয়নি।
জানতে চেয়ে বাহারুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেন, মতিউর রহমান নৌকার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াচ্ছেন। এ জন্য নৌকার সমর্থকেরা তাঁর ওপর হামলা চালিয়েছে।
হামলার সময় উপস্থিত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, ‘ হামলার খবর পেয়ে আমি গিয়ে ঠেকিয়েছি। আমি নেতা, আমি যদি পিটাতাম তাহলে সবাই মিলেই পিটাত, তাহলে তিনি আরও আহত হতেন। আমি তাঁর কাছে ক্ষমা চেয়েছি।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুজাত আহম্মেদ বলেন, মতিউর রহমানে মাথায়, হাতে, বুকে ও পিঠে আঘাত আছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করি। এ ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে ছেলেকে দিয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে।