সাংবাদিক পেটালেন চেয়ারম্যান প্রার্থী
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কয়রা সদর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাহারুল ইসলাম ও তাঁর সমর্থকেরা গতকাল রোববার কয়রা প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমানকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসা থেকে কয়রা উপজেলা সদরে আসার পথে জালালের মোড় এলাকায় মতিউর রহমানের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বাহারুল ইসলামসহ আটজনকে আসামি করে কয়রা থানায় মামলা করেছেন মতিউর রহমান।
বাহারুল ইসলাম বলেন, মতিউর রহমান নৌকার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথা বলে বেড়াচ্ছেন। এ জন্য নৌকার সমর্থকেরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। হামলার সময় বাহারুল সেখানে ছিলেন না উল্লেখ করে বলেন, ‘হামলার খবর পেয়ে আমি গিয়ে ঠেকিয়েছি।’
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এ ঘটনায় মতিউর রহমান মামলা করেছেন।’