পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাঞ্ছনার শিকার হয়েছেন এক সাংবাদিক। ভাঙচুর করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আলোকচিত্রীর ক্যামেরাও। গতকাল শনিবার হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে একাত্তর টেলিভিশন চ্যানেলের সাংবাদিক বায়েজিদ আহমেদ ও আলোকচিত্রী মহসিন আলী সংবাদ সংগ্রহের জন্য শিশু ওয়ার্ডে যান। সেখানে চিকিৎসকের কাছে তথ্য চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে হাসপাতালের কয়েকজন চিকিৎসক ওয়ার্ডের একটি কক্ষে ওই সাংবাদিককে আটকে রাখেন। এসব দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে চিকিৎসকেরা আলোকচিত্রীর ক্যামেরা ভাঙচুর এবং তাঁকে লাঞ্ছিত করেন।
টেলিভিশনের এক সাংবাদিককে হাসপাতালে আটকে রাখা হয়েছে—এ খবর জানতে পেরে আরটিভির এক আলোকচিত্রী ডালিম হাসপাতালে ছুটে যান। এ সময় তাঁকেও লাঞ্ছিত হতে হয় বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিক বায়েজিদ প্রথম আলোকে বলেন, ‘আমি হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে খবর সংগ্রহে শিশু ওয়ার্ডে যাই। সেখানে একজন চিকিৎসকের কাছে সংবাদসংক্রান্ত তথ্য চাইলে তিনি তা দিতে অপারগতা জানান। তাঁর সঙ্গে কথা বলার সময় হঠাৎ কয়েকজন চিকিৎসক এসে আমাকে টেনে নিয়ে অন্য এটি কক্ষে আটকে রাখেন। প্রায় এক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করছিলেন আলোকচিত্রী। এ কারণে তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়।
সাংবাদিক লাঞ্ছনার বিষয়ে অভিযুক্ত চিকিৎসকদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান। তিনি বলেন, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে পুলিশ সুপার আবদুর রাজ্জাকের সঙ্গে দেখা করেছেন রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতারা।