সাংবাদিক শিমুল হত্যাকারীদের শাস্তির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকাল-এর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে সাংবাদিকদের দুটি আন্তর্জাতিক সংগঠন। একই সঙ্গে তারা এই ঘটনার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

গত শুক্রবার নিউইয়র্ক-ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং ব্রাসেলস-ভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর জার্নালিস্টস (আইএফজে) বিবৃতি দিয়ে সাংবাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সাজা দেওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে সিপিজের এশিয়ার সমন্বয়ক স্টিভেন বাটলার বলেন, বহু লোকের সামনে ঘটেছে গুলির ঘটনা। পুলিশ অস্ত্রটি উদ্ধার করেছে এবং সেটির মালিককে শনাক্ত করেছে। ফলে দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারে বিলম্ব হওয়ার কোনো যুক্তি থাকতে পারে না।

সিপিজের হিসাব অনুযায়ী ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে কর্মক্ষেত্রে কমপক্ষে ২০ জন সাংবাদিক নিহত হয়েছেন।

পৃথক বিবৃতিকে সাংবাদিক শিমুল হত্যার নিন্দা জানায় আইএফজে। সংস্থাটির সাধারণ সম্পাদক অ্যান্থনি ব্যালেঞ্জার বলেন, আবদুল হাকিম শিমুল সেখানে কেবল তাঁর দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনা মনে করিয়ে দেয় সারা বিশ্বে সাংবাদিকেরা কী পরিমাণ আত্মত্যাগ করছেন। জনগণকে তথ্য দেওয়ার জন্য তাঁরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন।