সাংবাদিক সমিতির সভাপতির কক্ষের মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আবদুল্লাহর কক্ষ ভাঙচুর করে ল্যাপটপসহ বিভিন্ন জিনিস লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি আলাওল হলের দ্বিতীয় তলার ২০৯ নম্বর কক্ষে থাকতেন। গতকাল বৃহস্পতিবার তাঁর কক্ষ লুট হয়েছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর পাস করা ফারুক আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁর কক্ষের তালা কেটে ল্যাপটপ, ফ্যান, রেকর্ডার, জামা-কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। এ সময় কক্ষও ভাঙচুর করা হয়। তিনি বলেন, কক্ষ লুটপাটের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে জানানো হয়েছে।
আলাওল হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘ওই কক্ষে যে কেউ থাকে, তা আমরা জানি না। আগে যারা ছিল তাদের বরাদ্দের সময় শেষ হয়ে যাওয়ায় দুই ছাত্রকে আজ (বৃহস্পতিবার) বরাদ্দ দেওয়া হয়। তারা আজ (বৃহস্পতিবার) কক্ষে ওঠার চেষ্টা করেছে। তবে কক্ষে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে তো শুনিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত আছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।