সাংবাদিককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এ বি এম আজরাফ ওরফে টিপু (৪৫) নামের এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ভেলানগর এলাকায় পুরাতন জজকোর্ট মহল্লায় এ ঘটনা ঘটে। আজরাফ নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক। সংবাদ প্রকাশের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মোড়ে ওই পত্রিকার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তাঁকে দেখতে হাসপাতালে ভিড় জমান।
জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি প্রথম আলোকে বলেন, ‘গত রোববার সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকায় জেলা বিএনপির বর্তমান কর্মকাণ্ড ও তাদের কর্মসূচি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলা মোড়ের পত্রিকা অফিস থেকে বাসায় যাচ্ছিলাম। পুরাতন জজকোর্টের মোড়ে যখন পৌঁছালাম তখন সেখানে একটি অজ্ঞাত ছেলেকে (২৪) দাঁড়িয়ে থাকতে দেখে কারণ জিজ্ঞাসা করতেই পেছন দিক থেকে অজ্ঞাতনামা ১০-১২ জন যুবক “তরে এই নিউজ করতে কে বলছে” বলেই হামলা চালায়। পরে আমার ডাকচিৎকারে লোকজন বেরিয়ে এলে ছেলেগুলো পালিয়ে যায়। ইতিপূর্বে তাদের এই এলাকায় কখনো দেখিনি।’
নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুস সাত্তার বলেন, আহত আজরাফের ডান চোখের ওপরে কপালে ও বাঁ পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার এসআই মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।